১০ দেশের ২০০ প্রতিষ্ঠান, ঢাকায় বসছে পর্যটনের বড় মেলা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। দেশি-বিদেশি পর্যটনপ্রেমীদের আকর্ষণ এবং পর্যটন শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে ১৭ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে এ মেলা। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা ...

ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। দেশি-বিদেশি পর্যটনপ্রেমীদের আকর্ষণ এবং পর্যটন শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে ১৭ সেপ্টেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে এ মেলা। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর ক্রাউন প্লাজায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল। সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান।

আয়োজকরা জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্সমেন্ট এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে প্রায় ৩০০টি বুথ থাকবে।

মেলায় হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে।

মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে।

মেলায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল বলেন, এটিএফ ২০২৬ দেশি-বিদেশি পর্যটন অংশীজনদের মধ্যে ব্যবসায়িক সহযোগিতা, পর্যটন পণ্য প্রচার এবং বাংলাদেশে পর্যটন বিনিয়োগের নতুন সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, দেশের পর্যটন শিল্পের বিকাশে এ ধরনের আন্তর্জাতিক মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে এটিএফ বাংলাদেশে পর্যটনের সম্ভাবনা ও বিনিয়োগের সুযোগ আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সহায়ক হবে।

তিনি আরও বলেন, সামগ্রিকভাবে এশিয়ান ট্যুরিজম ফেয়ার বাংলাদেশ পর্যটন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

আয়োজকরা জানান, এবারের মেলায় দেশি পর্যটন হাব, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও পরিবেশ পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি অংশগ্রহণকারীদের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের পর্যটন প্রচার ও প্রসারের সুযোগ থাকবে।

মেলায় শিশু, শিক্ষার্থী, পর্যটন শিল্পের ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণ ও চাহিদা বিবেচনায় বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। পর্যটন শিল্পে নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।

এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ছুটি গ্রুপ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পার্টনার ও হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।

সংবাদ সম্মেলনে থাইল্যান্ড, ফিলিপাইন, মালদ্বীপ ও মালয়েশিয়ার প্রতিনিধিসহ মেলার বিভিন্ন পার্টনার ও স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এভিয়েশন অ্যান্ড ট্রাভেল জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ারসহ পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য দেন। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের জেনারেল ম্যানেজার মো. রিয়াজুল হক হাওলাদার।

আগামী ১৭ সেপ্টেম্বর বেলা ১১টায় মেলার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। মেলায় দর্শনার্থীদের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। প্রবেশ কুপনের মাধ্যমে র‌্যাফেল ড্রতে অংশ নেওয়ার সুযোগ থাকবে। দেশ-বিদেশ ভ্রমণের বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার ও গিফট ভাউচারও থাকবে।

এমএমএ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1157001
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World