যাত্রাবাড়ীতে সোনার চেইন ছিনতাই, হাতেনাতে ছিনতাইকারী ধরা
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে পালানোর সময় রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে ট্রাফিক পুলিশ। এ সময় তার কাছ থেকে প্রায় এক ভরি ওজনের সোনারা চেইন উদ্ধার করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে যাত্রাবাড়ী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া( মো. আকতার হোসেন জানান, ওই সময় দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তারা দেখতে পান এক ব্যক্তি এক নারীর গলা থেকে সোনার চেইন টান দিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছেন। বিষয়টি দেখে পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন।
পরে আটক রফিকুল ইসলামের কাছ থেকে ছিনিয়ে নেওয়া প্রায় এক ভরি ওজনের সোনার চেইনটি উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যাত্রাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
টিটি/জেএইচ


