রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৮৩ গ্রেফতার
‘প্রকৃত সংবাদ প্রাপ্তি সকলের অধিকার, অপতথ্য জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে’ - এ স্লোগানকে সামনে রেখে পুলিশিং সেবা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার অপরাধ চিত্র প্রকাশ করা হয়েছে।
এ সময়ে রেঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৮৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী রেঞ্জ কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের প্রকাশিত অপরাধ চিত্র অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জ এলাকায় মোট ৫৪টি মামলা হয়েছে। এর মধ্যে একটি খুন, একটি যৌতুকের জন্য হত্যা, সাইবার সুরক্ষা আইনে একটি, চুরির চারটি, নারী ও শিশু নির্যাতনের পাঁচটি এবং অন্যান্য অপরাধে ৪২টি মামলা রয়েছে। একই সময়ে অপমৃত্যুর ঘটনা ঘটেছে ছয়টি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিচালিত অভিযানে গ্রেফতার ১৮৩ জনের মধ্যে পরোয়ানামূলে ৯৭ জন, সাজাপ্রাপ্ত ১৫ জন, তদন্তাধীন মামলায় ৫৯ জন এবং অন্যান্য (প্রতিরোধমূলক) ব্যবস্থায় ১২ জন রয়েছেন। এছাড়া মাদক ব্যবসায়ী ও মাদকসেবী হিসেবে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এছাড়া উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ২২ গ্রাম হেরোইন, ১২২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২ দশমিক ২ লিটার বিদেশি মদ এবং ২০ লিটার চোরাই মদ।
গ্রেফতার ও মাদক-অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজশাহী রেঞ্জজুড়ে মোট ১৪৫টি অভিযান পরিচালনা করা হয়েছে।
এদিকে পুলিশি সেবা গ্রহণের ক্ষেত্রেও উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক থানায় এসেছেন। গত ২৪ ঘণ্টায় রাজশাহী রেঞ্জের বিভিন্ন থানায় মোট ১ হাজার ৮৩ জন নাগরিক বিভিন্ন ধরনের পুলিশি সেবা গ্রহণ করেছেন। চলতি মাসে এখন পর্যন্ত রেঞ্জভুক্ত থানাগুলোতে সেবাগ্রহণকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ১২২ জনে।
মনির হোসেন মাহিন/কেজে/এএসএম
