যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ ২ শ্রমিক
সিরাজগঞ্জে যমুনায় বালুবোঝাই বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ রয়েছেন মোরশেদ (২৫) ও ফয়সাল (২১) নামে দুই শ্রমিক। ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধারে চেষ্টা করছেন। এখনো সন্ধান মেলেনি।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে রাজশাহী থেকে একটি ডুবুরিদল ঘটনাস্থলে এসে উদ্ধারের কাজ শুরু করেছেন।
এর আগে, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনার চর অধ্যুষিত কাওয়াকোলা ইউনিয়নের বড় কয়রা নামক স্থানে একটি বালুবোঝাই বাল্কহেড ডুবে যায়। এতে নিখোঁজ হন, নোয়াখালী জেলার মাইজদী থানার আন্ডার চর গ্রামের লোকমান হোসেন মৃধার ছেলে মোরশেদ ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার কাশিমনগর গ্রামের মোক্তার হোসেনের ছেলে ফয়সাল।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরীফুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জাগো নিউজকে বলেন, নদীতে ডুবে যাওয়া বাল্কহেডের ওপরে থাকা দুজন সাঁতরে তীরে উঠলেও দুজন ইঞ্জিন রুমের ভেতরে ছিলেন। তাদের ধারণা তারা সেখানে আটকা পড়েছেন। কিন্তু নদীর প্রবল স্রোতের কারণে তারা আটকা পড়া দুজনকে উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়েছে। এখন তারা ড্রেজার দিয়ে বালু সরিয়ে উদ্ধারের চেষ্টা করছেন।
এম এ মালেক/কেজে/এএসএম