অনলাইন জুয়ার টাকা ব্যাংক-ক্রিপ্টোর মাধ্যমে বিদেশে পাচার করতেন তারা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাবলু মিয়া (২৮), মো. মনির হোসেন (৩০), নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মাম...

অনলাইন জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ব্যবহার করে বিদেশে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- বাবলু মিয়া (২৮), মো. মনির হোসেন (৩০), নূর সাফায়েত ইপ্তি (২৪) ও শামীম আল মামুন (২৯)। সোমবার (১৪ সেপ্টেম্বর) সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ এ তথ্য জানান।

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) সাইবার পার্সোনেল ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্টের একটি দল রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে টাঙ্গাইলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে।

বিশেষ পুলিশ সুপার ছুফি উল্লাহ জানান, গ্রেফতার ব্যক্তিরা অর্থের বিনিময়ে নিজেদের নামে নিবন্ধিত এজেন্ট সিম সংগ্রহ করে অনলাইন জুয়ার ওয়েবসাইটের অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন জুয়ার সাইটে অর্থ জমা ও উত্তোলনের কার্যক্রম পরিচালিত হতো।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সিআইডির নিয়মিত সাইবার মনিটরিংয়ে দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এসব জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার করা হচ্ছিল।

আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে এবং অনলাইন ক্যাসিনোর মাধ্যমে টাকার বিনিময়ে জুয়া পরিচালনা করা হচ্ছিল। তদন্তে সংশ্লিষ্ট এজেন্টদের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) ও ব্যাংক হিসাবের তথ্য সংগ্রহ করে গত ১৭ মে পল্টন থানায় মামলা করে সিআইডি।

ছুফি উল্লাহ আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা দেশের বিভিন্ন এলাকায় অনলাইন জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের এমএফএস ও ব্যাংক হিসাব সংগ্রহ করতেন। জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন কেটে নেওয়ার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে বিদেশে অর্থ পাচার করা হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা অনলাইন জুয়ার সাইটে অর্থ জমা ও উত্তোলনের জন্য ব্যবহৃত এজেন্ট সিম সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন সিআইডির পুলিশ সুপার ছুফি উল্লাহ।

এ মামলায় এর আগে আরও ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ৭ জুন টাঙ্গাইল থেকে সোলায়মান, সাগর মিয়া ও জুয়েল রানা, ১৬ জুন নরসিংদী ও নারায়ণগঞ্জ থেকে রায়হান খান, পাভেল রহমান ভূঁইয়া ও আবু জোবায়ের সানি, ১২ জুলাই নড়াইল থেকে মো. জসিম উদ্দীন ও সুমন রায় এবং ১৯ আগস্ট রাজশাহীর চন্দ্রিমা থানাধীন পদ্মা আবাসিক এলাকা থেকে সৈয়দ জামান ও রুহুল কুদ্দুস ওরফে বাপ্পীকে গ্রেফতার করা হয়।

টিটি/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157052
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World