মাদারীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির লোকজন পলাতক
মাদারীপুর সদরে উত্তর ঝিকরহাটি গ্রাম থেকে গৃহবধূ সুমি আক্তারের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় নিহত গৃহবধূর স্বামী আকবর হাওলাদার ও শ্বশুরবাড়ির লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সুমি আক্তার মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব দর্শনা এলাকার চান্দু মোল্লার মেয়ে।
পুলিশ, স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আড়াই বছর আগে সদর উপজেলার উত্তর ঝিকরহাটি গ্রামের ইরান হাওলাদারের ছেলে আকবর হাওলাদারের সঙ্গে সুমি আক্তারের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে খুঁটিনাটি বিষয় নিয়ে কলহ শুরু হয়।
সম্প্রতি দুই লাখ টাকা যৌতুকের জন্য সুমিকে চাপ দেয় শ্বশুরবাড়ির লোকজন। টাকা দিতে অস্বীকৃতি জানালে সুমিকে প্রায়ই মারধর করা হতো।
এরই সূত্র ধরে রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে বিষয়টি জানাজানি হলে অভিযুক্ত স্বামী আকবর হাওলাদার ও শ্বশুরবাড়ির লোকজন কৌশলে বাড়ি থেকে পালিয়ে যায়।
সোমবার সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা খতিয়ে দেখছে পুলিশ। ময়না তদন্তের রিপোর্ট পেলে হত্যার কারণ জানা যাবে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/কেজে/এএসএম


