মাদরাসায় বলাৎকার বন্ধে পদক্ষেপ নিতে আইনি নোটিশ
দেশব্যাপী মাদরাসাগুলোতে শিশুদের প্রতি যৌন নির্যাতন, ধর্ষণ, বলাৎকার ও নিষ্ঠুর আচরণ চলমান বলে অভিযোগ তুলে এসব রোধে অবিলম্বে কার্যকর, প্রতিরোধমূলক ও কাঠামোগত রাষ্ট্রীয় পদক্ষেপ নিতে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী মুহাম্মদ নূরুল হুদা সোমবার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, আইন সচিব ও ধর্ম সচিব বরাবর এ নোটিশ পাঠান। আগামী পাঁচদিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।
এতে আলিয়া, কওমি ও হিফজসহ সব ধরনের মাদরাসার জন্য অভিন্নভাবে প্রযোজ্য জাতীয় পর্যায়ে একটি ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা সেল’ গঠন এবং বিএনডব্লিউ (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি) মামলায় নির্দেশিত মডেল অনুসরণ করে মাদরাসা ও অন্যান্য আবাসিক ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে উত্থাপিত শিশু যৌন নির্যাতনের অভিযোগগুলো গ্রহণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ‘শিশু যৌন নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষা কমিটি’ প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়।
সেই সঙ্গে অবিলম্বে শিশু আইন, ২০১৩-এর ৭ থেকে ৯ ধারায় গঠিত জাতীয়, জেলা ও উপজেলা শিশুকল্যাণ বোর্ডগুলোকে নিজ নিজ এখতিয়ারাধীন প্রতিটি মাদরাসার সুরক্ষাব্যবস্থার একটি নিরীক্ষা পরিচালনা ও তার ফলাফল প্রকাশের নির্দেশ দেওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়া নোটিশে বলা হয়, প্রতিটি মাদরাসার প্রবেশপথ, করিডোর, শ্রেণিকক্ষ ও সাধারণ আবাসিক এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক করতে হবে। তবে বাথরুম, টয়লেট বা অন্য কোনো ব্যক্তিগত স্থানে ক্যামেরা স্থাপন স্পষ্টভাবে ও স্থায়ীভাবে নিষিদ্ধ রাখতে হবে এবং এর লক্ষ্য হবে প্রাতিষ্ঠানিক জবাবদিহি নিশ্চিত করা, শিশুদের ব্যক্তিগত জীবনের ওপর নজরদারি না করা।
এফএইচ/একিউএফ



