গাজীপুরে মানব পাচার মামলায় দম্পতি গ্রেফতার, শিশু উদ্ধার
গাজীপুর মহানগরীর পূবাইল থানা এলাকা থেকে অপহরণের প্রায় এক মাস পর তিন বছর বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এসময় মানব পাচার মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে পূবাইল থানাধীন হায়দরাবাদ দিলারটেক মসজিদ মার্কেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। সোমবার (১৪ সেপ্টেম্বর) তাদের আদালতে পাঠানো হয়।
গ্রেফতার হওয়া দুজন হলেন- চাঁদপুরের কচুয়া থানার কাঁঠাদিয়া এলাকার মো. সিরাজের ছেলে মো. শহিদ (৪৬) ও শহিদের স্ত্রী শিল্পি আক্তার (৪৫)। তারা পূবাইল থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের দিলারটেক এলাকায় মিছির আলীর বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, টঙ্গী পূর্ব থানার আমতলী এলাকার বাসিন্দা মো. জয় ও তার স্ত্রী জাহানারা আক্তার মুন্নী দুই মাস আগে মাদক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান।

নাসিকে যুক্ত হচ্ছে আরও তিন ইউনিয়ন
এরপর তাদের তিন বছর বয়সী ছেলে বায়েজিদকে দেখাশোনা করছিলেন প্রতিবেশীরা। গত ১৬ আগস্ট দুপুরে আমতলীর ভাড়া বাসার সামনে থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায় শিশুটি। পরিবার আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।
প্রায় এক মাস পর গত ১৩ সেপ্টেম্বর রাতে বাড়িওয়ালার নাতি মো. রাব্বির মাধ্যমে জানা যায়, শিশুটিকে পূবাইলের হায়দরাবাদ দিলারটেক এলাকায় শহিদের ভাড়া বাসায় আটকে রাখা হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং শহিদ ও শিল্পি আক্তারকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার পলাতক আসামি সুমি আরজু (৩৫) শিশুটির অসহায়ত্বের সুযোগ নিয়ে তাকে অসৎ উদ্দেশ্যে নিয়ে যান এবং নির্যাতন ও ভিক্ষাবৃত্তিতে ব্যবহারের লক্ষ্যে শহিদ-শিল্পি দম্পতির কাছে আটকে রাখেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ওসি আতিকুর রহমান জানান, মানব পাচার আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
শিহাব খান/এনএইচআর
