নাসিকে যুক্ত হচ্ছে আরও তিন ইউনিয়ন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সীমানা সম্প্রসারণে সদর উপজেলার ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক মো. রায়হান কবির স্বাক্ষরিত এক প্রতিবেদনে স্থানীয় সরকার বিভাগকে এ মতামত জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সীমানা পরিবর্তন (সম্প্রসারণ এবং সংকোচন) বিধিমালা, ২০১৩ অনুযায়ী নাসিকের সীমানা বর্ধিতকরণের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এর আলোকে গত ২৭ জুলাই ও ১১ আগস্ট গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানির সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন কমিটি গঠন করা হয়।
পরিদর্শন কমিটি সরেজমিনে সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে ড্রোন ফুটেজসহ প্রতিবেদন দাখিল করে। গণশুনানি ও পরিদর্শন প্রতিবেদনের ভিত্তিতে বিধিমালার ৩ নম্বর বিধি অনুযায়ী ফতুল্লা, কুতুবপুর ও এনায়েতনগর ইউনিয়নের সম্পূর্ণ অংশ নাসিকে অন্তর্ভুক্ত করা যেতে পারে বলে মত দিয়েছে জেলা প্রশাসন।
জেলা প্রশাসনের প্রতিবেদনে বলা হয়েছে, জনসংখ্যা, পেশা, শিল্পপ্রতিষ্ঠান, অবকাঠামো এবং জনমত বিবেচনায় এসব এলাকা সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির উপযোগী।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, জেলা প্রশাসনের এই প্রতিবেদনকে আমি স্বাগত জানাচ্ছি। এই তিনটি ইউনিয়নের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়া। সেই সঙ্গে তারা সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হওয়ার উপযোগী। এ নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে শুনানীও হয়েছে। সেই শুনানীর পরিপ্রেক্ষিতে প্রতিবেদন পাঠানো হয়েছে। আশা করি এই তিনটি ইউনিয়ন সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হলে অনেক উন্নয়ন হবে।
মোবাশ্বির শ্রাবণ/এনএইচআর

