জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষ, আজীবন নিষেধাজ্ঞা চাইলেন রোনালদো
পর্তুগালের প্রয়াত ফুটবলার দিয়োগো জোতার নাম নিয়ে রুবেন নেভেসকে কটাক্ষ করায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এমন আচরণে জড়িত সমর্থকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমনকি সংশ্লিষ্ট সমর্থকদের আজীবনের জন্য স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করারও জানিয়েছেন তিনি।
গত শনিবার সৌদি প্রো লিগের ম্যাচে ঘটে এই ঘটনা। আল তাইউনের মাঠে স্বাগতিক দলের বিপক্ষে আল হিলালের ম্যাচ চলাকালে জোতার নাম ধরে স্লোগান দিতে শোনা যায় গ্যালারির সমর্থকদের। সে সময় আল হিলালের হয়ে মাঠে থাকা নেভেস ফ্রি-কিক নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ফ্রি-কিকের আগে নেভেসের উদ্দেশে গ্যালারি থেকে বারবার ‘জোতা, জোতা, জোতা’ বলে স্লোগান দেওয়া হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে নেভেস প্রথমে ব্যঙ্গাত্মকভাবে সমর্থকদের উদ্দেশে হাততালি দেন এবং থাম্বস-আপ দেখান। এরপর আকাশের দিকে ও নিজের চোখের দিকে ইঙ্গিত করে স্লোগান দেওয়া সমর্থকদের দিকে আঙুল তোলেন তিনি।
ম্যাচ শেষে মিক্সড জোনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেভেসও নিজের ক্ষোভ গোপন করেননি। তিনি বলেন, ‘আমি শুধু আশা করি, তারা পরে যা করেছে, তারপরও প্রার্থনা করতে যাবে না।’
জোতার সঙ্গে নেভেসের সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। পর্তুগালের যুবদল থেকেই তাদের পরিচয়। পরে এফসি পোর্তোর বয়সভিত্তিক দলেও তারা একসঙ্গে খেলেছেন। এরপর উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সেও সতীর্থ ছিলেন দুজন। জাতীয় দলেও দীর্ঘ সময় একসঙ্গে খেলেছেন নেভেস ও জোতা।
২০২৫ সালের জুলাইয়ে স্পেনের জামোরায় ভয়াবহ এক গাড়ি দুর্ঘটনায় জোতা ও তার ভাই আন্দ্রে সিলভা নিহত হন। এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীরভাবে ভেঙে পড়েছিলেন নেভেস। জোতার শেষকৃত্যে কফিন বহনকারীদের একজনও ছিলেন তিনি। পরে পর্তুগাল জাতীয় দলে জোতার ব্যবহৃত ২১ নম্বর জার্সিও উত্তরাধিকারসূত্রে পান নেভেস।
জোতার সঙ্গে রোনালদোরও ছিল দীর্ঘদিনের জাতীয় দলের সম্পর্ক। পর্তুগালের হয়ে একই সঙ্গে বহু ম্যাচ খেলেছেন তারা। ফলে প্রয়াত সতীর্থের নাম ব্যবহার করে নেভেসকে কটাক্ষের ঘটনায় ক্ষুব্ধ হয়েছেন রোনালদোও।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ঘটনাটির ভিডিও প্রকাশ করা একটি পোস্টে মন্তব্য করে রোনালদো লিখেছেন, ‘লিগকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে এবং এ ধরনের সমর্থকদের আচরণের শাস্তি দিতে হবে। এটা আর ফুটবল নয়, এর একটা সীমা থাকা উচিত। যারা এ ধরনের আচরণ করে, তাদের আর কখনো স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া উচিত নয়।’
রোনালদোর এই মন্তব্যের মাধ্যমে বিষয়টি আরও বড় মাত্রা পেয়েছে। কারণ, ফুটবল মাঠে প্রতিপক্ষকে কটাক্ষ বা বিদ্রূপ নতুন কিছু না হলেও প্রয়াত একজন ফুটবলারের নাম ব্যবহার করে তার ঘনিষ্ঠ বন্ধুকে লক্ষ্য করে এমন স্লোগানকে সম্পূর্ণ ভিন্ন ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
ঘটনার রাতে অবশ্য মাঠের পারফরম্যান্সে আল হিলালের দাপট ছিল স্পষ্ট। আল তাইউনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে সৌদি প্রো লিগের শীর্ষস্থান ধরে রেখেছে তারা। আল হিলালের হয়ে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি হ্যাটট্রিক করেছেন। ইংল্যান্ডের অলিভার ওয়াটকিন্স করেছেন জোড়া গোল।
তবে বড় ব্যবধানে জয়ের রাতেও ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে গ্যালারির সেই বিতর্কিত আচরণ। জোতার নাম নিয়ে নেভেসকে কটাক্ষের ঘটনায় শেষ পর্যন্ত সৌদি প্রো লিগ কী ধরনের ব্যবস্থা নেয়, এখন সেটিই দেখার বিষয়।
আইএইচএস/


