তরুণীকে ধর্ষণের অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে, দল থেকে অব্যাহতি
গাজীপুরের কালীগঞ্জে এক তরুণীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে জাহিদ মুন্সি (২৬) নামে এক এনসিপি নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের পর তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
১০ সেপ্টেম্বরের ওই ঘটনায় ভুক্তভোগীর স্বজনের লিখিত অভিযোগের ভিত্তিতে সোমবার (১৪ সেপ্টেম্বর) কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
মামলার অভিযোগে জানা যায়, ঘটনার দিন তরুণীকে প্রথমে একটি গেস্ট হাউসে এবং কয়েক ঘণ্টা পর কালীগঞ্জ রেলওয়ে স্টেশনের পরিত্যক্ত স্টাফ কোয়ার্টারে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, দুই জায়গাতেই তাকে ধর্ষণ করা হয়েছে। দ্বিতীয় ঘটনায় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখানো হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন। তিনি বলেন, অভিযুক্তকে গ্রেফতারে চেষ্টা চলছে।
অভিযুক্ত জাহিদ মুন্সি এনসিপির কালীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সদস্য সচিব। তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর দলীয়ভাবেও ব্যবস্থা নেওয়া হয়েছে।
দলীয় নোটিশে বলা হয়েছে, জাহিদ মুন্সির বিরুদ্ধে দলীয় নীতি, আদর্শ ও নৈতিকতার পরিপন্থি কর্মকাণ্ডের গুরুতর অভিযোগ পাওয়া গেছে। গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব ও সদস্য সচিব খন্দকার আল আমিনের নির্দেশক্রমে তাকে প্রাথমিক সদস্য পদসহ সব সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।
নোটিশে স্বাক্ষর করেছেন এনসিপির গাজীপুর জেলা শাখার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক (দপ্তর) রফিকুল ইসলাম রায়হান।
এ বিষয়ে গাজীপুর জেলা শাখার আহ্বায়ক এম এম শোয়াইব বলেন, গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী জাহিদের বিরুদ্ধে কেন চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দুই কার্যদিবসের মধ্যে শৃঙ্খলা কমিটির কাছে জমা দিতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে জাহিদ মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।
আব্দুর রহমান আরমান/এসজেডএইচ/এএসএম


