মাদক মামলার আসামি ধরতে গিয়ে ধস্তাধস্তি, ৪ পুলিশ সদস্য আহত
জামালপুরের মেলান্দহে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের চার সদস্য। এসময় ধস্তাধস্তিতে একজন উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত আসামি ও তার স্ত্রীকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৮টা দিকে বিষয়টি নিশ্চিত করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক।
এর আগে সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ২ নম্বর চর এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতার হওয়া এনামুল হক (৩০) উপজেলার ২ নম্বর চর এলাকার আব্দুল কুদ্দুছের ছেলে। তিনি একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার স্ত্রীর নাম সবুজা বেগম (২৮)।
পুলিশ জানায়, মেলান্দহ থানার এসআই হিমনের নেতৃত্বে সহকারী উপপরিদর্শক (এএসআই) আওয়াল, এএসআই আবু রায়হান ও কনস্টেবল আবু তাহের ওয়ারেন্টভুক্ত আসামি এনামুল হককে গ্রেফতারে অভিযান চালান। এসময় এনামুল ও তার পরিবারের সদস্যরা পুলিশ সদস্যদের বাধা দেন এবং ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন।
একপর্যায়ে আসামিকে ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করা হয়। ধস্তাধস্তির সময় এসআই হিমন বাম হাতে আঘাত পান। এছাড়া অভিযানে অংশ নেওয়া আরও তিন পুলিশ সদস্য আহত হন। পরে তারা মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্থানীয়দের সহযোগিতায় এনামুল হক ও তার স্ত্রী সবুজা বেগমকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।
মেলান্দহ থানার ওসি মাহমুদুল হক বলেন, মাদক মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে স্থানীয়দের সহযোগিতায় আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আলাদা একটি মামলার কথাও জানান তিনি।
হৃদয় আহম্মেদ/এসআর/এএসএম

