মালয়েশিয়ায় পাসপোর্ট সেবাকেন্দ্রে অভিযান, প্রবাসীদের মধ্যে উদ্বেগ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবাকেন্দ্রে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর সেন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় সেবা নিতে আসা ক...

মালয়েশিয়ায় বাংলাদেশি পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবাকেন্দ্রে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত পাসপোর্ট ও ই-পাসপোর্ট সেবা প্রদানকারী আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপ্যাট সার্ভিসেস কুয়ালালামপুর সেন্টারে এ অভিযান চালানো হয়।

এ সময় সেবা নিতে আসা কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে আটক ও জিজ্ঞাসাবাদ করা হয়। পরে প্রয়োজনীয় নথিপত্র দেখানোর পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) কুয়ালালামপুরের জালান চানসাউলিংয়ে অবস্থিত অনুমোদিত সেবাকেন্দ্রের আশপাশে এ ঘটনা ঘটে। পাসপোর্ট ও অন্যান্য জরুরি কনস্যুলার সেবা নিতে আসা প্রবাসীদের ইমিগ্রেশন কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদের ঘটনায় মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বৈধ কাগজপত্র ঠিকঠাক করতে সেবাকেন্দ্রে আসা ব্যক্তিরাও ইমিগ্রেশন অভিযানের মুখে পড়ায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।

তবে সংশ্লিষ্ট সেবাকেন্দ্রের কর্মকর্তারা জানিয়েছেন, সেন্টারের ভেতরে কোনো ধরনের সমস্যা হয়নি। সকাল থেকেই সেবা প্রত্যাশীরা নির্ধারিত সিরিয়াল অনুযায়ী স্বাভাবিকভাবে পাসপোর্ট ও ই-পাসপোর্টের সেবা নিয়েছেন।

ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, মালয়েশিয়া সরকারের দেশব্যাপী চলমান ইমিগ্রেশন অভিযানের অংশ হিসেবে কুয়ালালামপুরের ই-এসকেএল ভবনসংলগ্ন এলাকা ও ভবনের নিচতলায় আকস্মিক তল্লাশি চালান ইমিগ্রেশন কর্মকর্তারা।

এ সময় পাসপোর্ট নবায়ন, ই-পাসপোর্ট আবেদন, ট্রাভেল পাসসহ বিভিন্ন জরুরি সেবা নিতে আসা কয়েকজন বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে কয়েকজনের বৈধ ভিসা রয়েছে বলেও জানা গেছে। তবে অভিযানে মোট কতজন বাংলাদেশিকে আটক বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, ইমিগ্রেশন কর্মকর্তারা সেবা প্রত্যাশীদের পাসপোর্ট এনরোলমেন্ট-সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ দেখতে চান। প্রয়োজনীয় নথি যাচাইয়ের পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ঘটনার পর বাংলাদেশ হাইকমিশন তাৎক্ষণিকভাবে বিষয়টি মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করেছে। হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মালয়েশিয়ান সরকারের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ অব্যাহত রয়েছে।

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা বলছেন, নিয়োগকর্তার অবহেলা, প্রশাসনিক জটিলতা কিংবা অন্যান্য কারণে অনেক সময় পাসপোর্ট ও ভিসা সময়মতো নবায়ন করা সম্ভব হয় না। ফলে বৈধতা নিশ্চিত করতে প্রবাসীরা বাংলাদেশ হাইকমিশন অনুমোদিত সেবাকেন্দ্রে গিয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেন। কিন্তু এমন সেবাকেন্দ্রের আশপাশেও যদি ইমিগ্রেশন অভিযানের আশঙ্কা থাকে, তাহলে প্রবাসীরা নিরাপদে সরকারি সেবা নেবেন কোথায় এমন প্রশ্ন দেখা দিয়েছে।

প্রবাসীদের দাবি, অনুমোদিত সেবাকেন্দ্রে পাসপোর্ট ও কনস্যুলার সেবা নিতে আসা ব্যক্তিদের জন্য নিরাপদ ও হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন। এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে মালয়েশিয়া সরকারের উচ্চপর্যায়ে কার্যকর আলোচনা করে সমাধান বের করার দাবি জানিয়েছেন তারা।

হাইকমিশন প্রবাসীদের দাপ্তরিক কাজে চলাচলের সময় সবসময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার জন্য অনুরোধ জানিয়েছে।

এমআরএম

Original Source
https://www.jagonews24.com/probash/news/1157304
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World