হাতকড়াসহ পালানো আ’লীগ নেতা ৮ ঘণ্টা পর আটক
কিশোরগঞ্জে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রেনু মিয়াকে প্রায় সাড়ে আট ঘণ্টা পর আটক করে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের নিজ এলাকা থেকে রেনু মিয়াকে আটক করা হয়। এর আগে দুপুর দেড়টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর হাতকড়া পরা অবস্থায় পালিয়ে যান তিনি।
রেনু মিয়া ছয়সূতি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই এলাকার ইল্লাত মিয়ার ছেলে। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে কুলিয়ারচর থানায় করা একটি মামলার আসামি তিনি। মামলা হওয়ার পর থেকেই পলাতক ছিলেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২টার অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে রেনু মিয়াকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের খবরে স্থানীয় লোকজন বাড়ির সামনে জড়ো হন। ওই সময় কোনো হট্টগোল না হলেও মানুষের ভিড়ের সুযোগে হাতকড়া পরা অবস্থাতেই পুলিশের কাছ থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
এরপরই শুরু হয় তাকে ধরতে পুলিশের সাঁড়াশি অভিযান। পুলিশের একাধিক দল বিভিন্ন স্থানে অভিযান চালানোর পাশাপাশি তার নিজ এলাকাতেও নজরদারি বাড়ায়। দীর্ঘ অভিযানের পর রাত ১০টার দিকে নিজ এলাকা থেকেই রেনু মিয়াকে আটক করে পুলিশ।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন, হাতকড়াসহ পালিয়ে যাওয়া রেনু মিয়াকে রাত ১০টার দিকে আটক করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসকে রাসেল/কেজে/এএসএম
:quality(30):format(webp):focal(0.5x0.5:0.5x0.5)/surabaya/foto/bank/originals/lirik-lagu-kids-rich-brian-trending-youtube-setelah-2-hari-rilis-kisah-perjuangan-meraih-impian.jpg)
