এমপি রুমিনকে নিয়ে ডিএজির মন্তব্য ব্যক্তিগত, ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত ও স্বাধীন মতামত। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। ডিএজির বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজী...

সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘লেডি মীর জাফর’ বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন যে মন্তব্য করেছেন তা ব্যক্তিগত ও স্বাধীন মতামত। এজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

ডিএজির বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুমিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) অ্যাটর্নি জেনারেল এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অ্যাটর্নি জেনারেল হিসেবে অভিযোগটি জানার পর আমি নজরুল ইসলাম ছোটনকে জিজ্ঞাসা করেছি। তিনি আমাকে বলেছেন, তিনি অতি সম্প্রতি রুমিন ফারহানা, যিনি বিএনপির একজন নেত্রী ছিলেন এবং এখন স্বতন্ত্র এমপি হিসেবে তার সাম্প্রতিক বক্তব্য ও বিগত ফ্যাসিবাদী আমলে তার অসহায়ত্ব বর্ণনা করার একটি ভিডিও আপলোড করে বলেছেন, ‘লেডি মীর জাফর রুমিন ফারাহানা এত তাড়াতাড়ি ভুলে গেলেন।’’

‘আমি মনে করি, এটি ছোটনের স্বাধীন মতামত প্রকাশের অধিকার। এই অফিসে জমা দেওয়া অভিযোগটি তার পেশাগত ও প্রশাসনিক কোনো পদক্ষেপের সঙ্গে সম্পর্কিত নয়। এ কারণে আমি ছোটনের এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়েছি। এ ব্যাপারে তার বিরুদ্ধে আমাদের প্রশাসনিক কোনো ব্যবস্থা, অফিস থেকে কিংবা সরকারের পক্ষ থেকে নেওয়ার সুযোগ নেই,’ যোগ করেন রুহুল কুদ্দুস কাজল।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও আপত্তিকর বক্তব্য দেওয়ার অভিযোগে ডিএজি নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অ্যাটর্নি জেনারেল বরাবর আবেদন করেন রুমিন ফারহানা। তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য।

অ্যাটর্নি জেনারেল বরাবর করা আবেদনে বলা হয়, ‘অত্যন্ত দুঃখ ও ক্ষোভের সঙ্গে আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে, রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ আইন কর্মকর্তা পদে অধিষ্ঠিত থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটন তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে আমাকে লক্ষ্য করে গত ১১ সেপ্টেম্বর অত্যন্ত আপত্তিকর, মানহানিকর ও কুরুচিপূর্ণ একটি স্ট্যাটাস দেন।’

একজন দায়িত্বে থাকা সরকারি আইন কর্মকর্তার কাছ থেকে এ ধরনের হুমকি, অশোভন, কুরুচিপূর্ণ ও উদ্দেশ্যপ্রণোদিত আচরণ কেবল একজন নারী ও জনপ্রতিনিধি হিসেবে আমার জন্য অপমানজনক নয়, বরং এটি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ভাবমূর্তি ও পেশাদারিত্বকে চরমভাবে ক্ষুণ্ন করে। অ্যাটর্নি জেনারেল অফিস বাংলাদেশের প্রতিনিধিত্ব করে, কোনো দলের নয়। রাষ্ট্রপক্ষের একজন ডিএজির কাছ থেকে এরূপ শিষ্টাচারবহির্ভূত সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়,’ বলা হয় আবেদনে।

তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে বিভাগীয় ও উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানান রুমিন ফারহানা।

এফএইচ/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157355
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World