ছাত্রদল নেতার মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন পুলিশ সদস্যদের। পুলিশ জান...

চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন পুলিশ সদস্যদের।

পুলিশ জানায়, সোমবার বিকালে শহরের নিউ মার্কেট এলাকায় একটি চেকপোস্টে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আক্তারের একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করেন দায়িত্বরত পুলিশ সদস্যরা। কিন্তু নিবন্ধন না থাকায় মোটরসাইকেলটি আটক করা হয়। ঘটনাস্থলেই পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান আক্তার। এর কিছুক্ষণ পরেই ছাত্রদলের অর্ধ শতাধিক নেতাকর্মী এসে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন। নেতাকর্মীরা মূল ফটকে অবস্থান নেওয়ায় ভেতরে পুলিশ সদস্যরা অবরুদ্ধ হয়ে পড়েন।

পরে অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ ঘটনাস্থলে এসে ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ বলেন, আক্তারের মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। পুলিশের টিএসআই ও সার্জেন্ট নিয়মিত অভিযানের অংশ হিসেবে চেকপোস্টে তার মোটরসাইকেলটি থামার সংকেত দেয় এবং সেখানে সার্জেন্ট ও টিএসআই এর সঙ্গে আক্তারের বাগ্বিতণ্ডা হয়।

এক পর্যায়ে মোটরসাইকেলটি আটক করা হয়। এর প্রতিবাদেই ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান নেন। আমরা তাদের সঙ্গে কথা বলে বিষয়টা সমাধান করেছি।

তিনি আরও বলেন, ছাত্রদলের ৫০-৬০ জন নেতাকর্মী সেখানে ছিলো। তাদের মধ্যে কেউ কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করেছে। বাজে কথাও বলেছে।

এ ব্যাপারে কথা বলার জন্য একাধিকবার ফোন করেও যোগাযোগ করা সম্ভব হয়নি আক্তারুজ্জামানের সঙ্গে।

তবে জেলা ছাত্রদলের সভাপতি মীম ফজলে আজিম বলেন, মোটরসাইকেল আটক করা নিয়ে পুলিশের সঙ্গে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল। আমরা আলোচনার ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি করেছি।

সোহান মাহমুদ/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1157368
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World