কুমিল্লা নগরীতে যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার
কুমিল্লা নগরীতে অজ্ঞাত (৪০) এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তালপুকুর পাড়ের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে তালপুকুর পাড়ের ঘাটে অজ্ঞাত এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় ওই যুবকের মৃত্যু হয়ে থাকতে পারে। উদ্ধারের সময় তার শরীরে কোনো কাপড় ছিল না।
স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। পুলিশ বলছে তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেকে পাঠায়। নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে জানা যাবে হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু।
জাহিদ পাটোয়ারী/এফএ
