ফরেক্স ট্রেডিং নিয়ে আলোচনা চলছে, এখনই নীতির পরিকল্পনা নেই

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দেশে ফরেক্স ট্রেডিং চালুর বিষয়ে আলোচনা চললেও এ মুহূর্তে এ নিয়ে কোনো নীতি প্রণয়নের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জ...

দেশে ফরেক্স ট্রেডিং চালুর বিষয়ে আলোচনা চললেও এ মুহূর্তে এ নিয়ে কোনো নীতি প্রণয়নের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ড. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ফরেক্স ট্রেডিং নিয়ে সরকারের কোনো নীতিগত সিদ্ধান্ত হয়েছে কি না- এমন প্রশ্নের উত্তরে জাহেদ উর রহমান বলেন, এখনই কোনো নীতি করার পরিকল্পনা নেই। তবে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে।

তিনি বলেন, ফরেক্স ট্রেডিংয়ের বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে বলেই সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখার সুযোগ নেই। কোনো নীতি গ্রহণের আগে সংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এ সময় ফরেক্স ট্রেডিংয়ের সঙ্গে ক্রিপ্টোকারেন্সির বিষয়টি গুলিয়ে না ফেলারও আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, বৈদেশিক মুদ্রা কেনাবেচার বিষয় এবং ক্রিপ্টোকারেন্সি আলাদা বিষয়, তাই দুটিকে একইভাবে দেখার সুযোগ নেই।

প্রধানমন্ত্রীর ফোন ব্যবহার করে ক্রিপ্টোকারেন্সিতে লেনদেন করা হচ্ছে, একজন সাংবাদিক এমন প্রশ্ন করলে জাহেদ উর রহমান বলেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, সরকারের নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম নিয়ে তথ্য প্রকাশের ক্ষেত্রে যাচাই-বাছাই জরুরি। কোনো বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া বক্তব্য বা দাবি প্রচার করা ঠিক নয়।

ফরেক্স ট্রেডিং প্রসঙ্গে তিনি আরও জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পর্যায়ে আলোচনা চলছে। তবে এখনই কোনো নীতি বা সিদ্ধান্ত ঘোষণা করা হচ্ছে না।

বিশ্বের বিভিন্ন দেশে বৈদেশিক মুদ্রার লেনদেন ও অনলাইনভিত্তিক ফরেক্স ট্রেডিংয়ের বিভিন্ন ব্যবস্থা থাকলেও বাংলাদেশে এ বিষয়ে কী ধরনের নীতিগত কাঠামো প্রয়োজন, সেটি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানান প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা।

এমএএস/এমএএইচ/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1157408
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World