আসিফের বিরুদ্ধে দুদকের অনুসন্ধানের ভিত্তি ছাত্রলীগ নেতার পোর্টালের খবর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিচালিত ভুঁইফোড় অনলাইন পোর্টালের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তথাকথিত অনুসন্ধান শুরু করেছে। এমন অভিযোগ তুলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিচালিত ভুঁইফোড় অনলাইন পোর্টালের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) তথাকথিত অনুসন্ধান শুরু করেছে। এমন অভিযোগ তুলে এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে দলটি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন সোমবার (১৪ সেপ্টেম্বর) এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

এনসিপির নেতারা বলেন, পরাজিত ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার পরিচালিত অনলাইন পোর্টাল ‘আজকের কণ্ঠ’-এর মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদের জেরে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির অন্যতম ছাত্রনেতা আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের উদ্দেশ্যপ্রণোদিত অনুসন্ধান শুরু করা হয়েছে। এ ধরনের অনুসন্ধানের তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানায় এনসিপি।

তারা বলেন, পতিত আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের ছড়ানো গুজব ও রাজনৈতিক উদ্দেশ্যে রচিত প্রোপাগান্ডাকে ভিত্তি করে দুদকের মতো একটি রাষ্ট্রীয় সংস্থাকে ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে সরকার দুদককে দলীয়করণ করেছে বলে তারা অভিযোগ করেন।

বিবৃতিতে আরও বলা হয়, গণঅভ্যুত্থানের শীর্ষ নেতাদের চরিত্রহনন এবং ফ্যাসিবাদবিরোধী শক্তিকে দমিয়ে রাখার জন্য দুদককে আবারও পুরোনো ফ্যাসিবাদী আমলের মতো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এনসিপির নেতারা বলেন, নিষিদ্ধ ছাত্র সংগঠনের ক্যাডারদের তথ্যসূত্রহীন কাল্পনিক সংবাদের ওপর নির্ভর করে যে কমিশন তদন্তের নাটক সাজায়, সেই কমিশনের ন্যূনতম নিরপেক্ষতা বা নৈতিক ভিত্তি থাকতে পারে না। গণঅভ্যুত্থানের রূপকারদের রাজনৈতিকভাবে হেনস্তা করা এবং ফ্যাসিবাদের পেছনের পথ প্রস্তুত করতেই এ ধরনের অপতৎপরতা শুরু করা হয়েছে।

সত্যিকারের স্বাধীন, নিরপেক্ষ এবং জুলাই সনদে ঘোষিত প্রক্রিয়ায় পুনর্গঠিত দুর্নীতি দমন কমিশন গঠন করা হলে যে কোনো অভিযোগের মুখোমুখি হতে এবং সুষ্ঠু তদন্তে এনসিপি পূর্ণ সহযোগিতা করতে প্রস্তুত বলে বিবৃতিতে জানানো হয়।

সরকারকে হুঁশিয়ার করে এনসিপি নেতারা বলেন, নিরপেক্ষ তদন্তের নামে অসাংবিধানিক ও দলীয়করণের শিকার কমিশনকে বিরোধীদল ও জুলাই গণঅভ্যুত্থানের সংগ্রামীদের দমনের হাতিয়ার বানানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এনসিপির নেতারা সরকারকে পতিত ফ্যাসিবাদীদের পদচিহ্ন অনুসরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে জুলাই সনদের স্পিরিট অনুযায়ী স্বাধীন ও স্বায়ত্তশাসিত দুদক পুনর্গঠনের দাবি জানান তারা।

অন্যথায় ক্ষমতার রাজনৈতিক অপব্যবহার ও সরকারি নীলনকশার বিরুদ্ধে দেশের আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন এনসিপির নেতারা।

এনএস/একিউএফ

Original Source
https://www.jagonews24.com/politics/news/1157413
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World