৭ বছর পর ঘরোয়া ক্রিকেটে ফিরছেন বাবর আজম
সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তান ক্রিকেটের। ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ধবলধোলাই হয়েছে দলটি। সিরিজ হারের পরই স্কোয়াড থেকে ছেঁটে ফেলা হয় ৭ ক্রিকেটার ও দুই কোচকে। সেখান থেকে ঘরোয়া ক্রিকেটে ফিরে ট্রিপল সেঞ্চুরি করে জবাব দিয়েছেন সালমান আলী আগা। এবার সেই পথ বেছে নিলেন টেস্ট অধিনায়ক বাবর আজমও। চলমান প্রেসিডেন্ট’স ট্রফি গ্রেড-১-এ অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে অতিথি খেলোয়াড় হিসেবে খেলবেন তিনি।
দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফর্ম ফেরাতে ৭ বছর পর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) বাবর নিজেই অনুরোধ করেছিলেন চলমান টুর্নামেন্টে কোনো একটি স্কোয়াডে তাকে যেন অন্তর্ভূক্ত করা হয়।
২০২২ সালের ডিসেম্বরের পর টেস্টে কোনো সেঞ্চুরি করতে পারেননি বাবর। সবশেষ সেঞ্চুরিটি করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে। ১৬১ রানের ইনিংসে সেই টেস্টটি ড্র করে পাকিস্তান। এরপর থেকে টেস্টে তার ব্যাটিং গড় মাত্র ৩০.৪৩। এই সময়ে ৩৯ ইনিংসে তিনি করেছেন মাত্র আটটি ফিফটি, যার চারটিই এসেছে সর্বশেষ পাঁচ টেস্টে। গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অপরাজিত ৮৮ রান করেছিলেন বাবর। সেটিই ছিল সর্বশেষ সেঞ্চুরির পর তার সর্বোচ্চ টেস্ট স্কোর।
দীর্ঘ সময় ধরে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে অনুপস্থিত ছিলেন বাবর। সর্বশেষ ২০১৯ সালে কায়েদ-ই-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে খেলেছিলেন তিনি। এবার অবশ্য বাবরের সঙ্গে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরেছেন আরও কয়েকজন আন্তর্জাতিক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য শাহিন শাহ আফ্রিদি ও সালমান আলী আগা।
বাবরের সংযোজন ওজিডিসিএলের জন্যও বড় শক্তি হতে যাচ্ছে। চলতি প্রেসিডেন্ট’স ট্রফিতে দলটি প্রথম ম্যাচে পাকিস্তান টেলিভিশনের বিপক্ষে চাপে রয়েছে। ১২ সেপ্টেম্বর শুরু হওয়া ম্যাচে তৃতীয় দিনের শেষে ফলোঅনে পড়ে তিন উইকেট হারিয়ে ১৩২ রানে পিছিয়ে ছিল তারা।
আইএন


