যানজটে আটকে ফায়ার সার্ভিস, অগ্নিকাণ্ডে পুড়ল দোকান-যানবাহন
অগ্নিকাণ্ডে জ্বলছে শেখেরহাট বাজার। স্থানীয়রা বালতি হাতে আগুন নেভাতে ছুটছেন আর ঘটনাস্থলের দিকে ছুটছে ফায়ার সার্ভিসের গাড়ি। কিন্তু স্টেশন থেকে বের হওয়ার পরই শুরু হয় বাধার পালা।
স্টেশন থেকে মহাসড়কে সরাসরি ওঠার পকেট গেট না থাকায় উল্টো পথে গিয়ে নিতে হয় ইউটার্ন। এরপর সীতাকুণ্ড বাসস্টেশনের যানজট এবং বড় দারোগাহাট ওজন স্কেলে পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারি পেরিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে আগুনে এক সারির ছয়টি দোকান, একটি মোটরসাইকেল ও কয়েকটি অটোরিকশা পুড়ে ছাই।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সীতাকুণ্ডের সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের অপেক্ষায় না থেকে ব্যবসায়ী ও স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। কেউ কেউ আগুনে পানি ছোড়েন, আবার কেউ দোকান থেকে মালামাল সরিয়ে নেন। স্থানীয়দের চেষ্টায় আগুন আশপাশে ছড়িয়ে পড়া ঠেকানো গেলেও এক সারির ছয়টি দোকান রক্ষা করা সম্ভব হয়নি।
ফায়ার সার্ভিসের উপসহকারী কর্মকর্তা ফলামন মুন্নু মারমা বলেন, ব্যাটারি চার্জ দেওয়ার সময় শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ২০ লাখ টাকার মালামাল।
মুন্নু মারমা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই গাড়ি ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। কিন্তু ফায়ার স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে সরাসরি ওঠার কোনো পকেট গেট নেই। ফলে গাড়ি উল্টো পথে মহাসড়কে উঠে উপজেলা সদর পর্যন্ত যায়। সেখানে ইউটার্ন নিয়ে আবার ঢাকামুখী লেনে প্রবেশ করে।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও বলেন, এরপর সীতাকুণ্ড বাসস্টেশন এলাকায় যানজটে আটকে পড়ে। পরে বড়দারোগাহাট ওজন স্কেলের পণ্যবাহী গাড়ির দীর্ঘ সারির কারণে আবারও বাধার মুখে পড়ে ফায়ার সার্ভিসের গাড়ি। স্বাভাবিক গতিতে এগোনোর সুযোগ না থাকায় পরে সরু গ্রামীণ সড়ক দিয়ে কয়েকটি মোড় ঘুরে শেখেরহাট বাজারে পৌঁছায়।
স্থানীয় সচেতন মহল বলছে, শেখেরহাটের এ অগ্নিকাণ্ড জরুরি সেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দুর্বলতাও সামনে এনেছে। ফায়ার স্টেশন থেকে মহাসড়কে সরাসরি প্রবেশের ব্যবস্থা না থাকায় জরুরি গাড়িকে ঘুরপথে যেতে হচ্ছে। এর সঙ্গে বাসস্টেশন ও ওজন স্কেলের যানজট যুক্ত হলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে মূল্যবান সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে।
এম মাঈন উদ্দিন/এসজেডএইচ/এএসএম
