প্রতি মাসে বিনামূল্যে পণ্য পাবেন প্রবীণ শিল্পীরা
ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘ। শিল্পীদের কল্যাণে নানারকম কাজ করে যাচ্ছে তারা। প্রায়ই দেখা যায় নানা উদ্যোগ। এবার আরও একটি উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
যার ফলে নাটকের শিল্পীরা প্রতি মাসে বিনামূল্যে ৫ হাজার টাকার নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটা করতে পারবেন।
অভিনয়শিল্পী সংঘ ও সুপারশপ স্বপ্ন’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সে চুক্তির আওতায় সংঘের তালিকাভু্ক্ত ২৫ জন প্রবীণ শিল্পী স্বপ্ন’র যেকোনো আউটলেট থেকে এই কেনাকাটা করতে পারবেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সংঘের কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, এটি কোনো আর্থিক সহায়তা নয়। বরং নাট্যাঙ্গনে দীর্ঘদিনের অবদান রাখা প্রবীণ ও গুণী শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানানো একটি সম্মানজনক উদ্যোগ।
সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু বলেন, চুক্তি অনুযায়ী অভিনয় শিল্পী সংঘের ২৫ জন সদস্য বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করতে পারবেন। এছাড়া ৬০ বছরের বেশি বয়সের শিল্পীরা ৭ শতাংশ এবং সকল সদস্যরা ৫ শতাংশ ছাড়ের সুবিধা পাবেন।
তিনি জানান, ভবিষ্যতে অন্যান্য কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এ ধরনের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
সুপারশপ ‘স্বপ্ন’র উদ্যোগকে সাধুবাদ জানান বর্তমান নির্বাহী কমিটির সদস্যারা।
অনুষ্ঠানে অভিনয়শিল্পী সংঘের বর্তমান কমিটির নেতৃবৃন্দ, প্রবীণ সদস্যরা এবং স্বপ্ন-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এমআই/এলআইএ


