ফরিদপুরে সওজের জমি-মেডিকেল হাসপাতাল এলাকায় উচ্ছেদ অভিযান
ফরিদপুরে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সরকারি জমি উদ্ধার ও মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার যানজট নিরসনে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। হাসপাতাল ও সড়ক সংলগ্ন এলাকা দখলমুক্ত হওয়ায় স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ফরিদপুর-ভাঙ্গা সড়ক প্রশস্তকরণ ও ড্রেন নির্মাণের অংশ হিসেবে নদী গবেষণা ইনস্টিটিউট থেকে ভাঙ্গা রাস্তার মোড় পর্যন্ত এ অভিযান চালায় যৌথ বাহিনী।
সড়ক বিভাগ ও জেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসনের এনডিসি শাকিব রহমান আকাশ, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম এবং সওজের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদারের সমন্বয়ে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে।
অভিযানে বুলডোজার দিয়ে সড়কের উভয় পাশে থাকা কাঁচা-পাকা অসংখ্য অবৈধ স্থাপনা ও অস্থায়ী দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় বিশৃঙ্খলা এড়াতে র্যাব, পুলিশ, এপিবিএন, ফায়ার সার্ভিস ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম বলেন, রাস্তা প্রশস্তকরণ ও জনস্বার্থে সরকারি জমি দখলমুক্ত করতে একাধিকবার মাইকিং করা হলেও দখলদাররা সরে যায়নি। তাই বাধ্য হয়েই এ কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এন কে বি নয়ন/এসজেডএইচ/জেআইএম


