শ্রীপুরে অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল, যাত্রীদের দুর্ভোগ
গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে দুর্ভোগের পড়েছেন ওই ট্রেনের যাত্রীরা। তবে ওই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেনটি গাজীপুরের শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। পরে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বলে জানান শ্রীপুর রেল স্টেশনের মাস্টার শামীম উদ্দিন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন গাজীপুরের শ্রীপুর স্টেশনের ১ নম্বর লাইনে প্রবেশ করে। নির্দিষ্ট সময়ের যাত্রা বিরতি শেষে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে আর ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্যে চালানো যায়নি।
শামীম উদ্দিন আরও জানান, বর্তমানে বিকল ট্রেনটি শ্রীপুর স্টেশনের ২ নম্বর লাইনে দাঁড়ানো থাকায় ১ নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বিকল ট্রেনের কিছু যাত্রীরা ময়মনসিংহগামী মোহনগঞ্জ এক্সপ্রেস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, কিছু যাত্রী সড়ক পথে আবার কিছু যাত্রী স্টেশনেই অপেক্ষা করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিকল্প ইঞ্জিন এনে হয়তো ট্রেন চালানো হতে পারে বা মেরামতের সিদ্ধান্ত আসতে পারে।
শিহাব খান/এনএইচআর



