তাল দিয়ে বানিয়ে নিন ভাপা পুলি
তাল পাকানোর মৌসুম চলছে। এই সময় পাকা তালের মিষ্টি ঘ্রাণে ভরে ওঠে চারপাশ। তাল দিয়ে পায়েস, বড়া, পিঠাসহ তৈরি করা যায় নানা ধরনের সুস্বাদু পদ। তবে চেনা এসব আয়োজনের বাইরে এবার বানিয়ে দেখতে পারেন তালের ভাপা পুলি পিঠা।
কম উপকরণে, খুব সহজেই তৈরি করা যায় মজার এই পিঠা। পাকা তালের মিষ্টি স্বাদ আর পুলির নরম আবরণ-দুইয়ে মিলে তৈরি হয় দারুণ এক ঘরোয়া স্বাদ।
নাশতা কিংবা বিকেলের আড্ডায় যেমন মানিয়ে যাবে, তেমনি পরিবারের ছোট-বড় সবার কাছেই হতে পারে পছন্দের খাবার। তালের মৌসুমে ঘরেই সহজে বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু ভাপা পুলি পিঠা।
আসুন জেনে নেওয়া যাক কীভাবে ভাপা পুলি পিঠা তৈরি করবেন-
উপকরণ
- পাকা তালের রস ১ কাপ
- চালের গুঁড়া ২ কাপ
- নারিকেল কোরা ১.৫ কাপ
- খেজুরের গুড় বা চিনি ১ কাপ (স্বাদমতো)
- লবণ সামান্য
- পানি পরিমাণমতো
প্রস্তুত প্রণালি
প্রথমে কড়াইতে সামান্য ঘি গরম করে নিন। এতে কুড়ানো নারিকেল ও গুড় বা চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। নারিকেল আঠালো হয়ে ভাজা ভাজা ভাব এলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রাখুন।
অন্যদিকে একটি পাত্রে পানি ও সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিন। পানি ফুটে উঠলে এতে তালের রস মিশিয়ে দিন। এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে নেড়ে শক্ত খামির তৈরি করুন। খামির কিছুটা ঠান্ডা হলে ভালোভাবে মথে নিন, যাতে পিঠার আবরণ নরম ও মসৃণ হয়।
এবার খামির থেকে ছোট ছোট লেচি কেটে নিন। প্রতিটি লেচি রুটির মতো বেলে নিন অথবা হাতের তালুতে চেপে একটু পাতলা করে নিন। মাঝখানে পরিমাণমতো নারিকেলের পুর দিয়ে চারপাশ থেকে মুখ বন্ধ করে পুলির আকার দিন।
ইচ্ছা করলে হাতের সাহায্যে পিঠার গায়ে নকশা করে নিতে পারেন। চাইলে পিঠার ছাঁচ ব্যবহার করেও সুন্দর আকৃতি দেওয়া যায়। সব পিঠা তৈরি হয়ে গেলে কুকার, স্টিমার কিংবা ছিদ্রযুক্ত চালনিতে সাজিয়ে ভাপে বসিয়ে দিন। ঢেকে ১০ থেকে ১২ মিনিট ভাপ দিলেই তৈরি হয়ে যাবে নরম, তুলতুলে ও সুস্বাদু তালের ভাপা পুলি পিঠা।
ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ রেখে পিঠাগুলো পরিবেশন করুন। গরম গরম পরিবেশন করলে তালের মিষ্টি স্বাদ আর নারিকেলের পুরের ঘ্রাণে জমে উঠবে নাশতার আয়োজন।
এসএকেওয়াই


