মেয়াদ শেষ, আরও ৯০ দিন দায়িত্বে থাকছে ডাকসু কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান কমিটির এক বছরের নির্ধারিত মেয়াদ শেষ হয়েছে। তবে নতুন নির্বাচন না হওয়া পর্যন্ত গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আরও ৯০ দিন বা তিন মাস রুটিন দায়িত্ব পালনের সুযোগ রয়েছে নির্বাচিত নেতাদের। ফলে আপাতত সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম ও সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদের নেতৃত্বাধীন বর্তমান কমিটিই দায়িত্বে থাকছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) ডাকসুর বর্তমান কমিটির এক বছরের মেয়াদ শেষ হয়। তবে এখনো নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ অবস্থায় গঠনতন্ত্রের নির্ধারিত বিধান অনুযায়ী বর্তমান কমিটি অতিরিক্ত ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবে।
ডাকসুর গঠনতন্ত্রের ৬ নম্বর অনুচ্ছেদের (গ) উপধারা অনুযায়ী, নির্বাচিত কমিটির মেয়াদ ৩৬৫ দিন। নির্ধারিত সময়ের মধ্যে নতুন নির্বাচন না হলে নির্বাচিত নেতারা আরও ৯০ দিন দায়িত্ব পালন করতে পারবেন।
তবে মেয়াদ শেষ হওয়ার পর এই অতিরিক্ত সময়ে দায়িত্ব পালন রুটিন কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মেয়াদোত্তীর্ণ হওয়ার পর বর্তমান কমিটি কোনো গুরুত্বপূর্ণ বা নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না।
সংশ্লিষ্টদের ভাষ্য, ৯০ দিনের এই সময়ের মধ্যে নতুন ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হলে বর্তমান কমিটির দায়িত্ব শেষ হয়ে যাবে। তফসিল ঘোষণার পর বর্তমান নেতারা দায়িত্ব ছেড়ে দেবেন বলে কমিটির একাধিক নেতা জানিয়েছেন।
এদিকে নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্রত্ব বহাল থাকা সাপেক্ষে ডাকসুর নির্বাচিত বর্তমান নেতারা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
জানা গেছে, দীর্ঘ ২৮ বছর পর ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচন হয়। এরপর ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। ১৪ সেপ্টেম্বর তারা দায়িত্ব গ্রহণ করেন। এক বছর পর ১৪ সেপ্টেম্বর বর্তমান কমিটির নির্ধারিত মেয়াদ শেষ হয়। তবে নতুন নির্বাচন না হওয়ায় গঠনতন্ত্রের বিধান অনুযায়ী আরও সর্বোচ্চ ৯০ দিন রুটিন দায়িত্ব পালনের সুযোগ থাকছে তাদের।
আরটি/এমআইএইচএস



