যুক্তরাষ্ট্রের ২০২৮ নির্বাচনে ডেমোক্র্যাটদের হয়ে লড়বেন কে?

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তত জোরালো হচ্ছে। সে আলোচনায় থাকা কমলা হ্যারিস ও গ্যাভিন নিউজমকে এবার একই লড়াইয়ে নাও দেখা যেতে পারে। হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়...

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে, ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা তত জোরালো হচ্ছে। সে আলোচনায় থাকা কমলা হ্যারিস ও গ্যাভিন নিউজমকে এবার একই লড়াইয়ে নাও দেখা যেতে পারে। হ্যারিস প্রেসিডেন্ট পদে প্রার্থী হলে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর নিউজম।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সিএনএনের জেক ট্যাপারের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা বলেন নিউজম। সাক্ষাৎকারে জানতে চাওয়া হয়, কমলা হ্যারিস ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হলে তিনিও নির্বাচনে লড়বেন কি না।

জবাবে নিউজম স্পষ্ট জানান, হ্যারিস প্রার্থী হলে তিনি তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় যাবেন না। নিজের রাজনৈতিক ভবিষ্যতের জন্যও এমন লড়াইকে তিনি উপযুক্ত মনে করেন না। একই সঙ্গে, এ ধরনের প্রতিদ্বন্দ্বিতা সবার সময় নষ্ট করবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজমের মতে, হ্যারিসের সঙ্গে একই নির্বাচনী লড়াইয়ে নামলে দুজনের জন্যই পরিস্থিতি কঠিন হয়ে উঠবে। ডেমোক্র্যাট প্রাইমারিতে তারা দুজন একসঙ্গে থাকলে সেটি ‘পারস্পরিক ধ্বংসের’ মতো পরিস্থিতি তৈরি করতে পারে। কারণ, দুজনের সমর্থক ও রাজনৈতিক পরিসরের মধ্যে বড় ধরনের মিল রয়েছে।

তবে, নিউজম ও হ্যারিস কেউই এখনো ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দেননি। দুজনই নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবছেন। এর মধ্যে নিউজমকে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থীদের তালিকায় গুরুত্বপূর্ণ একজন হিসেবে দেখা হচ্ছে।

এর আগে, ২০২৪ সালের নির্বাচন ঘিরেও একই অবস্থান নিয়েছিলেন নিউজম। সে সময় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর দাবি জোরালো হলে সম্ভাব্য বিকল্প প্রার্থী হিসেবে নিউজমের নামও আলোচনায় আসে।

তবে, তিনি দ্রুত হ্যারিসের প্রতি সমর্থন জানান। পরে, সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে পরাজিত হন হ্যারিস।

এবার অবশ্য হ্যারিসের সামনে আগের চেয়ে বেশি সময় নিয়ে প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে। ২০২৪ সালে বাইডেন সরে দাঁড়ানোর পর অল্প সময়ের মধ্যেই তাকে নির্বাচনী প্রচারে নামতে হয়েছিল। এবার প্রার্থী হলে শুরু থেকেই প্রচারের জন্য প্রস্তুতি নেওয়ার সুযোগ পাবেন তিনি। পাশাপাশি, ডেমোক্র্যাটদের মধ্যে তার পরিচিতিও বেশ শক্তিশালী।

অন্যদিকে, ২০২৮ সালের নির্বাচনে নিউজমের প্রার্থিতা নিয়েও আলোচনা চলছে। ক্যালিফোর্নিয়ার গভর্নর হিসেবে তাঁর দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার পর আর এ পদে প্রার্থী হওয়ার সুযোগ নেই। ফলে, প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই তার সামনে থাকা সম্ভাব্য রাজনৈতিক পথগুলোর একটি।

একই সঙ্গে, সম্প্রতি ডেমোক্র্যাটদের পক্ষে প্রচার চালাতে দক্ষিণ ক্যারোলাইনা, নর্থ ক্যারোলাইনা ও আলাবামাসহ কয়েকটি অঙ্গরাজ্যে সফর করেছেন তিনি।

নিউজম ও হ্যারিস দুজনের রাজনৈতিক শিকড়ই ক্যালিফোর্নিয়ায়। তাদের রাজনৈতিক ক্যারিয়ারের বড় অংশ কেটেছে সানফ্রান্সিসকোকে কেন্দ্র করে। নিউজম সানফ্রান্সিসকোর মেয়র ছিলেন। আর হ্যারিস ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে প্রসিকিউটর ও জেলা অ্যাটর্নি হিসেবে কাজ করেছেন।

এদিকে, তাদের পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়ে আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নাম আলোচনায় রয়েছে।

তাদের মধ্যে পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো, জর্জিয়ার সিনেটর জন অসফ এবং নিউইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ রয়েছেন। ক্যালিফোর্নিয়ার আরেক প্রতিনিধি রো খান্নাও নির্বাচনে লড়ার কথা ভাবছেন বলে জানা গেছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

এমডিআরএইচ/

Original Source
https://www.jagonews24.com/international/news/1157535
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Politics