শাহরুখ খানের বাড়িতে জায়গা পাবেন ভক্তরাও
বলিউডের বাদশাহ শাহরুখ খানের স্বপ্নের বাড়ি ‘মান্নাত’ নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। সেই প্রিয় বাড়িতেই এবার বড় ধরনের পরিবর্তন আনছেন অভিনেতা। সংস্কারের কাজ চলায় গত জন্মদিনে মান্নাতের পরিচিত বারান্দা থেকে ভক্তদের দেখা দিতে পারেননি শাহরুখ।
তবে এবার নিজেই জানালেন, ভক্তদের জন্য তৈরি হচ্ছে নতুন একটি জায়গা। সেখান থেকে আবারও তাদের উদ্দেশে হাত নাড়বেন তিনি।
সম্প্রতি ‘আস্ক এসআরকে’ পর্বে এক ভক্ত মজার ছলে শাহরুখকে প্রশ্ন করেন, তিনি যদি আর মান্নাতের বারান্দা থেকে ভক্তদের অভিবাদন না জানান, তাহলে বাড়িটি বিক্রি করে দেওয়া উচিত কি না। জবাবে শাহরুখও রসিকতা করে বলেন, নতুন গ্যালারি তৈরি করা হচ্ছে। সেখান থেকেই তিনি আরও ঝলমল করবেন।
শাহরুখ আরও মজা করে জানান, নতুন গ্যালারিতে ধরে দাঁড়ানোর জন্য একটি হাতল রাখারও পরিকল্পনা রয়েছে। অভিনেতার এমন উত্তরে স্পষ্ট, সংস্কারের পর মান্নাতের নতুন রূপ নিয়ে তিনিও বেশ উচ্ছ্বসিত।
মান্নাতের সংস্কার নিয়ে প্রযোজক আনন্দ পণ্ডিতও কিছু তথ্য জানিয়েছেন। তার দাবি, বাড়িটির পেছনের অংশে কয়েকটি নতুন তলা যোগ করা হচ্ছে। শাহরুখের দুটি সম্পত্তির সংস্কারকাজের সঙ্গেও তিনি যুক্ত রয়েছেন বলে জানান।
শাহরুখের জীবনে মান্নাত শুধু একটি বাড়ি নয়, বরং দীর্ঘদিনের স্বপ্নপূরণের প্রতীক। ১৯৯৭ সালে বাড়িটি কেনার স্বপ্ন দেখেছিলেন অভিনেতা। পরে ২০০১ সালে প্রায় ১৮ কোটি রুপিতে সমুদ্রের ধারের ঐতিহ্যবাহী এই সম্পত্তি কিনে নেন তিনি। বিভিন্ন প্রতিবেদনে বর্তমানে মান্নাতের মূল্য প্রায় ৩০০ কোটি রুপি বলে দাবি করা হয়।
একসময় শাহরুখ জানিয়েছিলেন, মান্নাত কেনার জন্য তাকে বহু বছর কঠোর পরিশ্রম করতে হয়েছে। বিজ্ঞাপন, অনুষ্ঠান ও বিভিন্ন কাজের অগ্রিম পারিশ্রমিক থেকে অর্থ জমিয়ে শেষ পর্যন্ত নিজের স্বপ্নের বাড়ি কিনেছিলেন তিনি। এবার সেই মান্নাতের নতুন রূপ দেখার অপেক্ষায় ভক্তরাও।
এলআইএ


/data/photo/2019/03/26/124276234.jpg)
