নতুন মোড়কে পুরোনো খাবার, কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেন
বাজারে দোকানের তাক থেকে চকচকে নতুন প্যাকেটের খাবার হাতে তুলে নিলেই কি সেটি নিরাপদ? সবসময় নয়। কখনো পুরোনো পণ্যের প্যাকেট বদলে নতুন মোড়ক দেওয়া, আবার কখনো লেবেল পরিবর্তন বা নতুন করে স্টিকার লাগানোর অভিযোগও শোনা যায়। বাইরে থেকে প্যাকেট একেবারে ঠিকঠাক দেখালেও ভেতরের খাবারের মান সম্পর্কে নিশ্চিত না হয়ে কেনা ঠিক নয়।
বিশেষ করে দুধজাত পণ্য, মাংস, মাছ, জুস, বিস্কুট, স্ন্যাকস কিংবা বিভিন্ন প্রক্রিয়াজাত খাবার কেনার সময় একটু সতর্ক হলেই অনেক ঝুঁকি এড়ানো সম্ভব।
তারিখটি আগে দেখুন
খাবার কেনার সময় প্রথমেই উৎপাদনের তারিখ, মেয়াদ শেষের তারিখ, ‘ইউজ বাই’ বা ‘বেস্ট বিফোর’ লেখা আছে কি না, তা দেখে নিন। শুধু সামনের দিকের লেবেল নয়, প্যাকেটের বিভিন্ন পাশে ছাপা তারিখও মিলিয়ে দেখা জরুরি। কারণ ‘বেস্ট বিফোর’ অনেক ক্ষেত্রে খাবারের সর্বোচ্চ মান বা স্বাদের সময় নির্দেশ করে; অন্যদিকে নির্দিষ্ট ‘ইউজ বাই’ তারিখ বিশেষ করে দ্রুত নষ্ট হওয়া খাবারের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে।
প্যাকেটের ওপর নতুন স্টিকার আছে কি না দেখুন
কোনো পণ্যের আসল লেবেলের ওপর আরেকটি স্টিকার লাগানো, তারিখের অংশ অস্বাভাবিকভাবে ঢেকে রাখা কিংবা একাধিক তারিখের ছাপ দেখা গেলে সতর্ক হোন। একই প্যাকেটের ভিন্ন অংশে উৎপাদন বা মেয়াদের তথ্যের মধ্যে অসঙ্গতি থাকলেও পণ্যটি না কেনাই ভালো। লেবেল পরিবর্তন বা পুনরায় প্যাকেটজাত করার কোনো সন্দেহ থাকলে বিক্রেতার কাছে বিষয়টি জানতে পারেন।
প্যাকেট অক্ষত কি না পরীক্ষা করুন
প্যাকেট ছেঁড়া, ফুটা, ফুলে ওঠা, অতিরিক্ত চাপা পড়া কিংবা মুখের সিল খোলা থাকলে তা কিনবেন না। বোতল বা জারের ঢাকনা ঠিকমতো আটকানো আছে কি না এবং নিরাপত্তা সিল অক্ষত কি না দেখুন। খাবারের প্যাকেট পুনরায় সিল করা হয়েছে বলে মনে হলেও সতর্ক হওয়া জরুরি। খাদ্যনিরাপত্তা নির্দেশিকাতেও ক্ষতিগ্রস্ত, খোলা বা পুনরায় সিল করা প্যাকেট এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
অস্বাভাবিক গন্ধ বা রং দেখলে কিনবেন না
প্যাকেটের বাইরে থেকে খাবার নষ্ট বোঝা সবসময় সম্ভব নয়। তবে যেখানে খাবার দৃশ্যমান, সেখানে অস্বাভাবিক রং, ছত্রাক, তরল বেরিয়ে আসা বা অস্বাভাবিক গন্ধ থাকলে সেটি এড়িয়ে চলুন। ক্যানজাত খাবারের ক্ষেত্রে ক্যান ফুলে ওঠা, লিক করা বা জোড়ের জায়গায় গভীর ক্ষত থাকলেও কিনবেন না।
ঠান্ডা খাবার কোথায় রাখা হয়েছে দেখুন
মাংস, মাছ, দুধ, দই বা অন্যান্য দ্রুত নষ্ট হওয়া খাবার কেনার সময় শুধু মেয়াদ দেখলেই হবে না। দোকানের ফ্রিজ ঠিকমতো ঠান্ডা রাখছে কি না এবং খাবারগুলো যথাযথভাবে সংরক্ষিত আছে কি না, সেটিও গুরুত্বপূর্ণ। ফ্রোজেন খাবারের প্যাকেটে বরফ গলে যাওয়ার দাগ, তরল জমাট বাঁধা বা আবার জমাট করার চিহ্ন থাকলে তা এড়িয়ে চলুন।
খুব কম দাম দেখেও সাবধান
অস্বাভাবিক কম দামে কোনো প্যাকেটজাত খাবার বিক্রি হলে শুধু সস্তা দেখে কিনবেন না। কেন দাম কম, পণ্যের মেয়াদ কতদিন বাকি, প্যাকেটের অবস্থা কেমন-এসব যাচাই করুন। বিশেষ করে মেয়াদ শেষ হওয়ার কাছাকাছি থাকা বা সন্দেহজনকভাবে পুনরায় মোড়কজাত করা পণ্যের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
খাবার কেনার সময় কয়েক সেকেন্ডের সতর্কতা অনেক বড় ঝুঁকি থেকে বাঁচাতে পারে। প্যাকেটের তারিখ, লেবেল, সিল, গন্ধ, রং, সংরক্ষণের পরিবেশ-সবকিছু মিলিয়ে নিশ্চিত হয়ে তবেই খাবার কিনুন। সন্দেহ হলে ‘সস্তায় পাওয়া যাচ্ছে’ ভেবে ঝুঁকি না নিয়ে পণ্যটি বাদ দেওয়াই নিরাপদ।
সূত্র: নিউজ এইটিন, টেষ্টিং টেবিল
এসএকেওয়াই


