টাঙ্গাইলে মহাসড়কের পাশে পড়ে ছিল গামছা মোড়ানো নবজাতকের মরদেহ
টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজ এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মহাসড়কের পাশে গামছা দিয়ে ঢাকা অবস্থায় নবজাতকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, মরদেহ উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশুর। তবে তার কোনো পরিচয় পাওয়া যায়নি। কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গেছে, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, উদ্ধার করা নবজাতকের মরদেহটি স্বাভাবিক অবস্থায় ছিল। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নবজাতকটির পরিচয় শনাক্ত এবং তাকে সেখানে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।
আব্দুল্লাহ আল নোমান/এসজেডএইচ/জেআইএম


