সড়কের মোড়ে কাফনের কাপড়ের পুটলি, পাশে জ্বলছিল মোমবাতি
তখন গভীর রাত। সড়কের তিন রাস্তার মোড়ে সাদা কাপড়ের (কাফনের কাপড়) পুটলি রাখা। তার পাশে জ্বলছে মোমবাতি। কুষ্টিয়ার দৌলতপুরে এমন ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুটলিটি দেখতে পেয়ে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি রাস্তা থেকে সরিয়ে নেয়।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার হোসেনাবাদ-ফিলিপনগর সড়কের মথুরাপুর ইউনিয়নের হোসেনাবাদ স’মিল পাড়ার স’মিল সংলগ্ন তিন রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সড়কের ওপর সাদা কাপড়ে মোড়ানো একটি পুটলি পড়ে থাকতে দেখেন পথচারীরা। কাপড়ের গায়ে রক্তের মতো লাল দাগ ছিল। পুটলির ভেতরে সিঁদুর, একটি পুতুল ও মাটির তৈরি কিছু জিনিসপত্র ছিল বলে জানান তারা। পুটলিটির পাশে একটি মোমবাতিও জ্বলছিল। গভীর রাতে এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা হুসাইন আহম্মেদ বলেন, ‘রাতে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। রাস্তার মোড়ে দেখি একটি সাদা পুটলিকে ঘিরে কয়েকজন দাঁড়িয়ে আছেন। পরে পুলিশ এসে পুটলিটি সরিয়ে নেয়। এ ঘটনায় আতংক তৈরি হয়।’
আরেক স্থানীয় বাসিন্দা ওমর ফারুক বলেন, ‘হয়তো কেউ কালোজাদু করে এসব রেখে যেতে পারে। তবে ঘটনা দেখে অনেকেই রাতে ভয় পেয়েছেন।’
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে নেয়। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে এসব জিনিস সেখানে রেখে গেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
এ বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে, কেউ আতংক তৈরি করতে এমনটি করে থাকতে পারেন। কালোজাদু বা কুফরিও হতে পারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুটলিটি সড়ক থেকে সরিয়ে দিয়েছে।’
আল-মামুন সাগর/এসআর/জেআইএম


