ক্যানসারের চিকিৎসায় মাথার সব চুল ফেলে সামিয়ার আবেগঘন বার্তা
দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করেছিলেন তিনি। তবে সম্প্রতি নতুন করে ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। এবার তার শরীরে জরায়ুর ক্যানসার শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি। এরই মধ্যে মাথার সব চুল ফেলে নিজের নতুন লুক প্রকাশ করেছেন সামিয়া।
রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের এই নতুন লুকের কথা জানান সামিয়া আফরিন। সেখানে জীবনের কঠিন সময়, নিজের পরিবর্তনকে মেনে নেওয়া এবং আত্মবিশ্বাসের সঙ্গে সামনে এগিয়ে যাওয়ার কথা তুলে ধরেছেন তিনি।
সামিয়া লিখেছেন, কখনো ভাবেননি জীবনে আবার এমন একটি সময় আসবে, যখন তার মাথা পুরোপুরি বল্ড হয়ে যাবে। ছোটবেলায় হয়তো এমন হয়েছিল, তবে তখন বিষয়টি নিয়ে ভাবার মতো বয়স ছিল না। বড় হওয়ার পর কোনো বিশেষ কারণ ছাড়া এভাবে চুল হারানোর অভিজ্ঞতা খুব কম মানুষেরই হয় বলেও উল্লেখ করেন তিনি।
তবে জীবনের সব পরিবর্তন যে নিজের পছন্দের হয় না, সেটিও মেনে নিয়েছেন সামিয়া। কিছু বিষয় পছন্দ না হলেও গ্রহণ করতে হয়, কিছু পরিবর্তন সহজ না হলেও তার সঙ্গে মানিয়ে নিতে হয়-এমন উপলব্ধির কথাই জানিয়েছেন তিনি।
নিজের নতুন লুক প্রসঙ্গে সামিয়া বলেন, চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না। বরং আসল সৌন্দর্য হলো নিজেকে নিজের মতো করে গ্রহণ করতে পারা। তার এই নতুন লুকও জীবনের একটি গল্প-একটি কঠিন সময়ের গল্প, একই সঙ্গে সাহস, গ্রহণযোগ্যতা ও নিজের প্রতি ভালোবাসার গল্প।
প্রায় তিন মাস আগে সামিয়ার শরীরে নতুন করে ক্যানসার শনাক্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত তার অস্ত্রোপচার করা হয়। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, এটি হাই-গ্রেড কার্সিনোমা। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বর্তমানে নিয়মিত কেমোথেরাপি নিচ্ছেন তিনি।
প্রথমবার ক্যানসার শনাক্ত হওয়ার পর সামিয়াকে কেমোথেরাপি নিতে হয়নি। তখন ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি। এবারকার অভিজ্ঞতা তাই তার জন্য কিছুটা ভিন্ন।
কেমোথেরাপির কারণে চুল পড়ে যেতে পারে-চিকিৎসকদের কাছ থেকে এমনটা জানার পর বিষয়টি নিয়ে মন খারাপ না করে বরং হাসিমুখে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নেন সামিয়া। তাই চুল পড়ে যাওয়ার অপেক্ষায় না থেকে নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করেছেন। নিজের নতুন লুকটিকে উদযাপন করে নিজেকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টাই করেছেন তিনি।
ক্যানসারের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরে সামিয়া আরও লিখেছেন, যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন এই লড়াই কতটা কঠিন। তিনি চান না, তার কাছের কোনো মানুষকে কখনো এমন একটি কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হোক।
সবশেষে নিজের সুস্থতার জন্য অনুরাগীদের কাছে দোয়া চেয়েছেন সামিয়া আফরিন। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন এবং আগেরবারের মতো এবারও যেন নিজের শক্তি ধরে রাখতে পারেন-এমন প্রত্যাশা জানিয়েছেন তিনি। একই সঙ্গে খুব শিগগির স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসার আশাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী ও উপস্থাপক।
নিজের নতুন লুক নিয়ে সামিয়ার বার্তায় স্পষ্ট-কঠিন সময় তাকে ভেঙে দিতে পারেনি। বরং জীবনের এই পরিবর্তনকেও সাহস, আত্মবিশ্বাস ও নিজের প্রতি ভালোবাসা দিয়ে গ্রহণ করছেন তিনি। তার বিশ্বাস, এই কঠিন সময়ও একদিন কেটে যাবে।
এমএমএফ




