ফুটপাতে হলুদ টাইলস বসানোর রহস্য জানেন?
শহরের ফুটপাত দিয়ে হাঁটার সময় অনেকেরই চোখে পড়ে, সাধারণ টাইলসের মাঝখানে হঠাৎ করে বসানো হয়েছে হলুদ রঙের কিছু টাইলস। কোথাও সেগুলোর ওপর লম্বা লম্বা উঁচু দাগ, কোথাও আবার ছোট ছোট উঁচু বিন্দুর মতো নকশা। দেখতে আলাদা হলেও বেশিরভাগ মানুষ হয়তো জানেন না, এই টাইলসের পেছনে রয়েছে গুরুত্বপূর্ণ একটি কারণ। এগুলো মূলত দৃষ্টিপ্রতিবন্ধী ও কম দৃষ্টিশক্তির মানুষের চলাচল সহজ ও নিরাপদ করার জন্য তৈরি করা হয়।
এই বিশেষ টাইলসকে বলা হয় ট্যাকটাইল পেভিং। ‘ট্যাকটাইল’ শব্দটির অর্থ স্পর্শের মাধ্যমে অনুভব করা যায় এমন। অর্থাৎ, চোখে না দেখেও পায়ের চাপ, জুতার তলা কিংবা সাদা ছড়ির সাহায্যে এই টাইলসের ওপরের উঁচু নকশা অনুভব করা সম্ভব। ফলে দৃষ্টিপ্রতিবন্ধী একজন মানুষ ফুটপাতের নির্দিষ্ট পথ এবং সামনে থাকা কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সম্পর্কে ধারণা পেতে পারেন।
কেন হলুদ রং ব্যবহার করা হয়?
ট্যাকটাইল টাইলসের রং সব জায়গায় একই নয়। তবে অনেক শহরে হলুদ বা উজ্জ্বল রং ব্যবহার করতে দেখা যায়। এর অন্যতম কারণ হলো দৃষ্টিশক্তি কম থাকা ব্যক্তিদের কাছে এগুলো তুলনামূলক সহজে দৃশ্যমান হওয়া। সাধারণ ধূসর বা ইটের রঙের ফুটপাতের মধ্যে উজ্জ্বল হলুদ টাইলস আলাদা করে চোখে পড়ে। তবে শুধু রংই এর প্রধান বৈশিষ্ট্য নয়। বরং টাইলসের ওপর থাকা উঁচু নকশাই এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা এসব নকশা স্পর্শের মাধ্যমে বুঝতে পারেন।
সব ট্যাকটাইল টাইলসের সংকেত কিন্তু এক নয়
ফুটপাতে ভালো করে লক্ষ্য করলে দেখা যায়, কোথাও টাইলসের ওপর লম্বা সমান্তরাল রেখা রয়েছে। আবার কোথাও গোল গোল উঁচু বিন্দু বা ডট দেখা যায়। এই নকশাগুলোর ব্যবহারও আলাদা। লম্বা রেখাযুক্ত টাইলস সাধারণত নির্দেশনামূলক পথ হিসেবে ব্যবহৃত হয়। অর্থাৎ, একজন দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি ওই রেখার দিক অনুসরণ করে সামনে এগোতে পারেন। সাদা ছড়ি দিয়ে টাইলসের উঁচু অংশ অনুভব করেও পথের অবস্থান বোঝা সম্ভব।
অন্যদিকে, উঁচু বিন্দুযুক্ত টাইলস সাধারণত সতর্কবার্তা দেওয়ার কাজে ব্যবহৃত হয়। সামনে রাস্তা পার হওয়ার জায়গা, সিঁড়ি, ফুটপাতের শেষ অংশ বা অন্য কোনো পরিবর্তন আসছে এ ধরনের জায়গায় পথচারীকে সতর্ক করতে এই ধরনের ট্যাকটাইল ব্যবহার করা হতে পারে।

শুধু দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নয়
অনেকের ধারণা, এই টাইলস শুধু সম্পূর্ণ দৃষ্টিহীন ব্যক্তিদের কাজে আসে। আসলে এর ব্যবহার আরও বিস্তৃত। যাদের দৃষ্টিশক্তি কম, তারাও উজ্জ্বল রঙের টাইলস দেখে পথের অবস্থান বুঝতে পারেন। পাশাপাশি স্পর্শের মাধ্যমে পাওয়া সংকেত তাদের চলাচল আরও সহজ করে।
বিশেষ করে ব্যস্ত শহরের ফুটপাতে গাড়ি, রিকশা, দোকানের মালামাল, গাছ কিংবা বিভিন্ন নির্মাণসামগ্রী পথ চলাকে কঠিন করে তুলতে পারে। এমন পরিস্থিতিতে নির্দিষ্ট ও বাধামুক্ত একটি ট্যাকটাইল পথ দৃষ্টিপ্রতিবন্ধী মানুষের জন্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
টাইলস বসালেই কি কাজ শেষ?
এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। ফুটপাতে ট্যাকটাইল টাইলস বসানো হলেও সেটি সঠিকভাবে নকশা ও রক্ষণাবেক্ষণ না করা হলে কাঙ্ক্ষিত সুবিধা পাওয়া যায় না। টাইলসের পথ যদি মাঝপথে দোকানের সামনে গিয়ে বন্ধ হয়ে যায়, ভাঙা থাকে বা তার ওপর কোনো বস্তু রাখা হয়, তাহলে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তির জন্য সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই শুধু হলুদ টাইলস বসানো নয়, পুরো পথটিকে পরিকল্পিত, বাধামুক্ত এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের আওতায় রাখা জরুরি। পথের শুরু থেকে শেষ পর্যন্ত ট্যাকটাইল নির্দেশনা যেন ধারাবাহিক থাকে, সেটিও গুরুত্বপূর্ণ।
ফুটপাতের এই হলুদ টাইলস নিছক সাজসজ্জার অংশ নয়
শহরের ফুটপাতের হলুদ টাইলস তাই নিছক সাজসজ্জার অংশ নয়। এর পেছনে রয়েছে সবার জন্য শহরকে ব্যবহারযোগ্য করে তোলার একটি ধারণা। একজন মানুষ চোখে দেখে রাস্তা চিনবেন, আরেকজন স্পর্শের মাধ্যমে সেই একই পথের সংকেত বুঝবেন নগর পরিকল্পনায় এই সমান সুযোগ তৈরি করাই অ্যাক্সেসিবিলিটির মূল উদ্দেশ্য।
তাই পরের বার ফুটপাত দিয়ে হাঁটার সময় হলুদ টাইলস চোখে পড়লে সেটিকে শুধু অন্য রঙের টাইলস হিসেবে দেখবেন না। এর ওপরের প্রতিটি উঁচু রেখা বা বিন্দু আসলে কারও জন্য একটি পথের নির্দেশনা, সতর্কবার্তা কিংবা নিরাপদে এগিয়ে যাওয়ার সংকেত।
কেএসকে




