ছবি ডিলিট না করেই আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে
আইফোনের স্টোরেজ প্রায় ভরে গেছে? নতুন অ্যাপ ইনস্টল করতে গিয়ে বারবার জায়গা খালি করার বার্তা দেখাচ্ছে? সবচেয়ে সহজ সমাধান হিসেবে অনেকেই ছবি ও ভিডিও মুছে ফেলেন। কিন্তু প্রিয় স্মৃতি মুছে ফেলা ছাড়াও আইফোনের স্টোরেজ খালি করার বেশ কিছু উপায় রয়েছে। কয়েকটি সেটিংস পরিবর্তন এবং অপ্রয়োজনীয় ডাটা সরিয়েই ফোনে তৈরি করা যায় অতিরিক্ত জায়গা।
আগে দেখুন কোন জিনিস সবচেয়ে বেশি জায়গা নিচ্ছে
স্টোরেজ খালি করার আগে জানা দরকার ঠিক কোন অ্যাপ বা ফাইল বেশি জায়গা দখল করে আছে। এজন্য আইফোনে সেটিংস > জেনারেল > আইফোন স্টোরেজে যান। এখানে বিভিন্ন অ্যাপ, ছবি, ভিডিও ও অন্যান্য ডাটা কতটা জায়গা ব্যবহার করছে, তার বিস্তারিত তালিকা দেখা যাবে।
এই তালিকা দেখে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবেন কোন ডাটা সরানো বা কমানো দরকার।
ছবি না মুছে আইক্লাউডে রাখুন
ছবি ও ভিডিও যদি সবচেয়ে বেশি স্টোরেজ দখল করে, তাহলে সব মুছে ফেলার প্রয়োজন নেই। আইফোনের আইক্লাউড ফটোস এবং অপ্টিমাইজ আইফোন স্টোরেজ ফিচার ব্যবহার করা যেতে পারে। এটি চালু করতে সেটিংস > আপনার নাম > আইক্লাউড > ফটোসে গিয়ে সিঙ্ক দিজ আইফোন চালু করুন। এরপর অপ্টিমাইজ আইফোন স্টোরেজ নির্বাচন করুন।

আইফোনের অর্থ জানেন?
এর ফলে মূল উচ্চ রেজলিউশনের ছবি ও ভিডিও আইক্লাউডে সংরক্ষিত থাকবে, আর আইফোনে প্রয়োজন অনুযায়ী তুলনামূলক কম জায়গা নেওয়া সংস্করণ রাখা হবে। প্রয়োজন হলে পরে আসল ছবিও ডাউনলোড করা যায়। তবে মনে রাখবেন, আইক্লাউডের স্টোরেজ ফোনের অভ্যন্তরীণ স্টোরেজ থেকে আলাদা। অ্যাপল অ্যাকাউন্টের সঙ্গে ৫জিবি বিনামূল্যের আইক্লাউড পাওয়া যায়। বেশি জায়গার প্রয়োজন হলে অতিরিক্ত স্টোরেজ নিতে হতে পারে।
ডুপ্লিকেট ছবি সরিয়ে ফেলুন
একই ছবি বারবার ডাউনলোড করা, এয়ারড্রপ বা সোশ্যাল মিডিয়া থেকে ফাইল সংরক্ষণ করার ফলে আইফোনে একাধিক একই ছবি থাকতে পারে। এগুলো সরালে গুরুত্বপূর্ণ ছবি না মুছেও জায়গা খালি করা সম্ভব। এজন্য ফটোস > কালেকশনস > ইউটিলিটিস > ডুপ্লিকেটসে যান। একই ধরনের ছবি ও ভিডিও চিহ্নিত হলে সেগুলো দেখে মার্জ করে দিন। এতে ডুপ্লিকেট কপি কমে যাবে।
অ্যাপ ডিলিট নয়, অফলোড করুন
কোনো অ্যাপ খুব কম ব্যবহার করলেও সেটি অনেকটা স্টোরেজ দখল করে থাকতে পারে। পুরো অ্যাপ মুছে না ফেলে অফলোড অ্যাপ ব্যবহার করতে পারেন। এজন্য সেটিংস > জেনারেল > আইফোন স্টোরেজে গিয়ে বড় অ্যাপটি নির্বাচন করুন। এরপর অফলোড অ্যাপ চাপুন। এতে অ্যাপটি সরবে, কিন্তু তার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট ও ডাটা সংরক্ষিত থাকবে। পরে প্রয়োজন হলে অ্যাপটি আবার ইনস্টল করা যাবে।
হোয়াটসঅ্যাপসহ অন্যান্য অ্যাপও পরিষ্কার করুন
হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম বা অন্য মেসেজিং অ্যাপে জমে থাকা পুরোনো ভিডিও, ছবি ও বড় ফাইলও অনেক স্টোরেজ দখল করতে পারে। প্রয়োজন নেই এমন মিডিয়া মুছে ফেলুন। পাশাপাশি ফাইলস অ্যাপ ও আইফোন স্টোরেজের দেওয়া রেকমেন্ডেশনগুলোও দেখে অপ্রয়োজনীয় ফাইল সরাতে পারেন।
আর ছবি ও ভিডিও মুছতে না চাইলে সেগুলো কম্পিউটার বা বাহ্যিক স্টোরেজে কপি করে ফোন থেকে সরিয়ে দিতে পারেন। এভাবে প্রিয় স্মৃতি না হারিয়েই আইফোনের স্টোরেজে অনেকটা জায়গা তৈরি করা সম্ভব।
কেএসকে


