রেনশর সেঞ্চুরি, জিম্বাবুয়ের বিপক্ষে অস্ট্রেলিয়ার বিশাল সংগ্রহ
এক বছর পর আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপ। এক বছর আগেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। যার অংশ হিসেবে তারা এখন জিম্বাবুয়ে সফরে রয়েছে। যেখানে তারা খেলবে ৩টি ওয়ানডে ম্যাচ।
যার প্রথমটি শুরু হলো আজ জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২৯৪ রানের বিশাল স্কোর গড়ে তুলেছে অস্ট্রেলিয়া। দুর্দান্ত এক সেঞ্চুরি করেন মিডল অর্ডার ব্যাটার ম্যাট রেনশ। ৯৪ বলে তিনি খেলেন ১০৯ রানের দারুণ এক ইনিংস।
তবে জিম্বাবুয়ে বোলার নিউম্যান নিয়ামহুরি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেন অস্ট্রেলিয়ার ব্যাটারদের সামনে। ৯ ওভারে ৬২ রান দিয়ে একাই নেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার প্রথম ফাইফার। এর আগে সর্বোচ্চ উইকেট শিকার ছিল তার ৫৩ রানে ৩ উইকেট।
টস জিতে ব্যাট করতে নামার পর অস্ট্রেলিয়া বিপদে পড়ে ট্রাভিস হেডের উইকেট হারিয়ে। মাত্র ৪ রান করে দলীয় ১০ রানের মাথায় ব্র্যাড ইভান্সের বলে বোল্ড হয়ে যান হেড। এরপর অবশ্য ৫০ রানের জুটি গড়েন মিচেল মার্শ ও কুপার কনোলি। ২৮ বলে ৩৬ রান করেন মার্শ। কনোলি করেন ৪৬ বলে ৫১ রান। জস ইংলিস ১২ বলে ৪ রান করে আউট হয়ে যান।
অ্যালেক্স ক্যারে এবং ম্যাট রেনশ মিলে দারুণ এক জুটি গড়ে দলকে নিয়ে যেতে থাকেন জিম্বাবুয়ের নাগালের বাইরে। ৫৩ বলে ২৭ রান করে আউট হন অ্যালেক্স ক্যারে। অলিভার পিক ৪০ বলে খেলেন ৩০ রানের ইনিংস। এদের মাঝেই ম্যাট রেনশ ৯৪ বলে ৭টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পান।
শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। নিয়ামহুরি ছাড়া ২ উইকেট নেন ব্র্যাড ইভান্স। ১ উইকেট নেন সিকান্দার রাজা।
আইএইচএস/


