সাবেক এমপি আজিজুল হক কারাগারে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুরিয়ার সার্ভিস কর্মী রাজু আহমেদ হত্যা মামলায় গ্রেফতার পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানে...

 

রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কুরিয়ার সার্ভিস কর্মী রাজু আহমেদ হত্যা মামলায় গ্রেফতার পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন-অর রশীদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম কবির সাবেক এই এমপিকে আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন তিনি।

আবেদনে বলা হয়, প্রাথমিক তদন্তে রাজু আহমেদ হত্যার ঘটনায় খন্দকার আজিজুল হক আরজুর সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

পুলিশের আবেদনের শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিন আসামিপক্ষে আদালতে কোনো জামিনের আবেদন করা হয়নি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায় জননী কুরিয়ার সার্ভিসের পাশের একটি অ্যাপার্টমেন্টের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে গুলি চালানো হয়। ওই সময় জননী কুরিয়ার সার্ভিসের কর্মী রাজু আহমেদ কর্মস্থল থেকে বের হয়ে মিছিলটি দেখছিলেন।

অভিযোগ অনুযায়ী, গুলির কিছুক্ষণ পর কুরিয়ার সার্ভিসের ম্যানেজার শাহাদাত জানতে পারেন, রাজু গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে আছেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে রাজুর বাবা ২০২৪ সালের ২৭ আগস্ট মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলাটিতে গ্রেফতারি পরোয়ানাসহ আইনগত প্রক্রিয়ার মধ্যে গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে আজিজুল হক আরজুকে গ্রেফতার করা হয়।

এমডিএএ/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157613
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World