জামালপুরের শিশু ধর্ষণ ও হত্যা যেন জনমনোযোগ থেকে হারিয়ে না যায়: এমজেএফ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জামালপুরের মাদারগঞ্জে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে যা নিয়ে এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। একই সঙ্গে ঘটনাটি যেন কয়েক দিনের সংবাদ হয়ে জনমনোযোগ থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে সতর...

জামালপুরের মাদারগঞ্জে সাত বছর বয়সি এক শিশুকে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে যা নিয়ে এরই মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ জানিয়েছে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)। একই সঙ্গে ঘটনাটি যেন কয়েক দিনের সংবাদ হয়ে জনমনোযোগ থেকে হারিয়ে না যায়, সে বিষয়ে সতর্ক করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ ঘটনার নিন্দা জানিয়ে এমজেএফ-এর প্রেস বিবৃতিতে বলা হয়, পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটিকে যৌন নির্যাতনের পর হত্যা করা হয়। পরে একটি বাড়ির মেঝের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এমজেএফ।

সংগঠনটি বলছে, জামালপুরের ঘটনাকে বিচ্ছিন্ন কোনো অপরাধ হিসেবে দেখার সুযোগ নেই। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু ধর্ষণ, যৌন নির্যাতন, হয়রানি ও হত্যার যেসব ঘটনা সামনে এসেছে তা উদ্বেগজনক ধারাবাহিকতার ইঙ্গিত দেয়। এমতাবস্থায় ঘর, স্কুল, শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটিতে নারী ও শিশুর নিরাপত্তা এবং অপরাধীদের দ্রুত ও বিশ্বাসযোগ্যভাবে জবাবদিহির আওতায় আনা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্যের বরাত দিয়ে এমজেএফ-এর বিবৃতিতে বলা হয়, শুধু ২০২৬ সালের আগস্টে অন্তত ২৪৯ নারী ও শিশু সহিংসতার শিকার হয়েছেন। তাদের মধ্যে ৭৯ জন ধর্ষণের শিকার, যাদের ৪৬ জনই শিশু।

আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অন্তত ৪০০ নারী ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩৭ জনকে। এসব তথ্য নথিভুক্ত ও প্রকাশিত ঘটনার ভিত্তিতে তৈরি হওয়ায় সহিংসতার প্রকৃত মাত্রা আরও বেশি হতে পারে বলেও জানিয়েছে এমজেএফ।

মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, নারী ও শিশুকে বারবার ধর্ষণ, নির্যাতন ও হত্যা করা গভীরভাবে উদ্বেগজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটি শিশু ঘরে, স্কুলে যাওয়ার পথে, শিক্ষাপ্রতিষ্ঠানে এবং নিজের কমিউনিটিতে নিরাপদ থাকবে-এটাই স্বাভাবিক।

তিনি বলেন, এসব ঘটনা যেন কয়েক দিনের জন্য সংবাদ শিরোনাম হয়ে পরে জনমনোযোগ থেকে হারিয়ে না যায়। প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত করতে হবে, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে এবং সুরক্ষা ও প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করতে হবে।

শাহীন আনাম আরও বলেন, শিশুদের নিরাপত্তার বিষয়ে মা-বাবা ও অভিভাবকদের সতর্ক থাকতে হবে। শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ভয়, মানসিক অস্থিরতা বা ঝুঁকির কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিশুদের সুরক্ষা নিশ্চিত করা পরিবার, প্রতিষ্ঠান, কমিউনিটি ও রাষ্ট্রের সম্মিলিত দায়িত্ব।

এমজেএফ বলছে, নারী ও শিশুর সুরক্ষা শুধু অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার ওপর নির্ভর করতে পারে না। চলতি বছরের শুরুতে নারী ও শিশুর প্রতি সহিংসতাকে জাতীয় জরুরি পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে মোকাবিলা এবং ধর্ষণ, যৌন সহিংসতা, নির্যাতন ও হত্যার বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণের আহ্বান জানিয়েছিল এমজেএফসহ বিভিন্ন অধিকারভিত্তিক সংগঠনগুলো।

এর পাশাপাশি মাদ্রাসা ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনসহ শক্তিশালী প্রতিরোধব্যবস্থার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সহিংসতার শিকার ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারকে চিকিৎসা, মনোসামাজিক ও আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সুরক্ষা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়াও প্রতিটি ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, ন্যায়সংগত ও সময়োপযোগী বিচার এবং জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে এমজেএফ।

এমজেএফ বলেছে, শিশুদের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোতে কার্যকর সুরক্ষাব্যবস্থা এবং নিরাপদে অভিযোগ জানানোর ব্যবস্থা থাকতে হবে।

সংগঠনটির আহ্বান, জামালপুরের ঘটনাটি যেন কয়েক দিনের মধ্যে জনমনোযোগ থেকে হারিয়ে যাওয়া আরেকটি মর্মান্তিক ঘটনা হয়ে না দাঁড়ায়। নারী ও শিশুর অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র, প্রতিষ্ঠান ও সমাজকে ধারাবাহিক ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ইএইচটি/কেএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1157631
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World