কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন নুর আলম মনির (৪৫) নামের এক কয়েদি। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নুর আলম মনির কেন্দ্রীয় কারাগারের একজন কয়েদি ছিলেন। তার কয়েদি নম্বর ১৭৭৬/এ। তবে কোন মামলায় তিনি কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কিছু জানা যায়নি।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মৃত ঘোষণা করেন।
নুর আলম মনিরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা কারারক্ষী সুজন জানান, রাতে কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নুর আলম মনির। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে দ্রুত ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।
চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
কেএজেডআইএ/এমএএইচ/


