জানা গেলো পরবর্তী দুই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের ভেন্যু

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভবিষ্যৎ দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের বিখ্যাত আলিয়াঞ্জ অ্যারেনায়। পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনাল বসবে স্পেনের বার্সেলোনায় পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে। মঙ্গলবা...

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের ভবিষ্যৎ দুই ফাইনালের ভেন্যু চূড়ান্ত হয়েছে। ২০২৮ সালের ফাইনাল হবে জার্মানির মিউনিখের বিখ্যাত আলিয়াঞ্জ অ্যারেনায়। পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনাল বসবে স্পেনের বার্সেলোনায় পুনর্নির্মিত ক্যাম্প ন্যুতে। মঙ্গলবার উয়েফা আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে।

মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল আয়োজনের অভিজ্ঞতা খুব বেশি পুরোনো নয়। সর্বশেষ ২০২৫ সালে এই স্টেডিয়ামেই ইউরোপসেরার শ্রেষ্ঠত্বের লড়াই হয়েছিল। সেই ফাইনালে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে রীতিমতো উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ফাইনালে ফরাসি ক্লাবটির জয় ছিল ৫-০ গোলে।

তিন বছর পর আবারও ইউরোপের সবচেয়ে বড় ক্লাব প্রতিযোগিতার ফাইনাল ফিরছে মিউনিখে। আলিয়াঞ্জ অ্যারেনায় ২০২৮ সালের ফাইনালকে ঘিরে এরই মধ্যে বাড়ছে আগ্রহ। জার্মানির অন্যতম আধুনিক এই স্টেডিয়াম আবারও দেখবে ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই।

তবে ২০২৯ সালের ফাইনালের ঘোষণা আরও বেশি তাৎপর্যপূর্ণ। বার্সেলোনার ঐতিহাসিক ক্যাম্প ন্যুতে আবারও ফিরছে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল। এই মাঠে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হয়েছিল ১৯৯৯ সালে।

১৯৯৯ সালের সেই ঐতিহাসিক ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের প্রায় পুরোটা সময় পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় ইংলিশ ক্লাবটি। ইনজুরি সময়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দুটি গোল করে বায়ার্নকে ২-১ গোলে হারিয়ে ট্রেবল পূর্ণ করেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

দীর্ঘ ৩০ বছর পর ২০২৯ সালে আবারও ক্যাম্প ন্যুতে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল অনুষ্ঠিত হবে। অবশ্য সেই সময় মাঠটির চেহারা হবে সম্পূর্ণ নতুন। পুনর্নির্মাণের পর আধুনিক সুযোগ-সুবিধায় সজ্জিত ক্যাম্প ন্যুতে বসবে ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় রাত।

২০২৯ সালের ফাইনালের মাধ্যমে স্পেনও আবার চ্যাম্পিয়নস লিগের বড় মঞ্চে বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে। কারণ তার মাত্র দুই বছর আগেই, ২০২৭ সালের ফাইনালও স্পেনেই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই ফাইনালের ভেন্যু হিসেবে নির্ধারিত হয়েছে মাদ্রিদের মেট্রোপলিতানো স্টেডিয়াম।

অর্থাৎ ২০২৭ থেকে ২০২৯- টানা তিন বছরে চ্যাম্পিয়নস লিগের তিনটি ফাইনালের দুটি হবে স্পেনে এবং একটি জার্মানিতে। শুধু চ্যাম্পিয়নস লিগ নয়, ইউরোপীয় ক্লাব ফুটবলের অন্যান্য প্রতিযোগিতার ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে উয়েফা।

ইউরোপা লিগের ২০২৮ সালের ফাইনাল হবে রোমানিয়ার রাজধানী বুখারেস্টে। ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে। ইউরোপা কনফারেন্স লিগের ২০২৮ সালের ফাইনাল আয়োজন করবে ইতালির তুরিন। এক বছর পর ২০২৯ সালের ফাইনাল হবে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে।

এদিকে উয়েফা সুপার কাপের ২০২৭ ও ২০২৮ সালের আয়োজক শহরও নির্ধারণ করা হয়েছে। ২০২৭ সালের সুপার কাপ অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের আমস্টারডামে। পরের বছর ২০২৮ সালের সুপার কাপের ভেন্যু কাজাখস্তানের রাজধানী আস্তানা।

নারীদের চ্যাম্পিয়নস লিগের ফাইনালের ভেন্যুও ঘোষণা করেছে উয়েফা। ২০২৮ সালের নারী চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে ফ্রান্সের লিয়নে, আর ২০২৯ সালের ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়েলসের রাজধানী কার্ডিফে।

সব মিলিয়ে আগামী কয়েক বছরের ইউরোপীয় ক্লাব ফুটবলের বড় ফাইনালগুলোর ভেন্যুতে দেখা যাচ্ছে ইউরোপের বিভিন্ন ঐতিহাসিক ও আধুনিক শহরের উপস্থিতি। মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা থেকে পুনর্নির্মিত ক্যাম্প ন্যু—চ্যাম্পিয়নস লিগের পরবর্তী দুই ফাইনাল ঘিরে তাই এখন থেকেই তৈরি হচ্ছে বাড়তি উত্তেজনা।

আইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/sports/football/1157638
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World