পিকআপভর্তি ভারতীয় নাসির বিড়িসহ যুবক আটক
সুনামগঞ্জে প্রায় ১৭ লাখ টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়িসহ আব্দুল করিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের আব্দুজ জহুর সেতুর ওপর থেকে তাকে আটক করা হয়।
আব্দুল করিম ছাতক উপজেলার সৈদেরগাঁও ইউনিয়নের দিঘলী চাকলপাড়া গ্রামের জফির আলীর ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় নাসির বিড়ি একটি গাড়িতে করে সুনামগঞ্জ শহরের দিকে নেওয়া হচ্ছে। পরে আব্দুজ জহুর সেতু এলাকায় গাড়িটিতে তল্লাশি চালানো হয়। এ সময় পিকআপ গাড়িতে থাকা আটটি বস্তা থেকে ৩ লাখ ৩৬ হাজার শলাকা শেখ নাসিরুদ্দিন বিড়ি জব্দ করা হয়। একই সঙ্গে গাড়িটিও জব্দ করেছে পুলিশ।
সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অভিজিৎ ভেমিক বলেন, মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বিড়ি ও একটি গাড়ি জব্দ করা হয়েছে। গাড়ির চালক পালিয়ে গেলেও তাঁর সহযোগীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
লিপসন আহমেদ/কেএইচকে

