আসিফ মাহমুদকে কৃতজ্ঞতা জানালেন মামুনুল হক
২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার উদ্যোগ নেওয়ায় সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
রাজধানীতে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ইসলামী বইমেলায় ‘শাপলা কর্নার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কৃতজ্ঞতা জানান।
মামুনুল হক বলেন, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া রাষ্ট্রীয় পর্যায়ে বসে প্রথমবারের মতো ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরের শহীদ পরিবারগুলোকে রাষ্ট্রীয় আয়োজনে সম্মাননা দিয়েছেন। এই অনন্য উদ্যোগের অকপট স্বীকৃতি ও কৃতিত্ব দিয়ে উপদেষ্টাকে ধন্যবাদ জানাই ও কৃতজ্ঞতা প্রকাশ করি।
শাপলা চত্বরের আত্মত্যাগকে জাতীয় ইতিহাসের একটি মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা যেমন বায়ান্নর ভাষা আন্দোলনের ভিত থেকে এসেছে, তেমনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মূল প্রেরণাও ২০১৩ সালের শাপলা চত্বরের আত্মত্যাগে প্রোথিত ছিল।
জুলাই আন্দোলনের শহীদদের মতো শাপলার শহীদদেরও পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি সংসদ ও রাজপথে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মামুনুল হক।
তিনি জানান, শাপলা স্মৃতি সংসদ দীর্ঘ প্রচেষ্টার পর শহীদদের একটি প্রামাণ্য তালিকা তৈরি করে ‘শহীদনামা’ নামে স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শাপলা হত্যাকাণ্ডের মামলা ও শহীদদের পরিচয় শনাক্তকরণের ক্ষেত্রে এই তালিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি।
অনুষ্ঠানে শাপলা স্মৃতি সংসদের সদস্য সচিব মাওলানা কামালউদ্দীনসহ সংশ্লিষ্ট সদস্যদের এবং মেলায় স্টল বরাদ্দ দেওয়ায় ইসলামিক ফাউন্ডেশন ও মেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মামুনুল হক।
এনএস/কেএইচকে

