প্রাইমারি টেক্সটাইল খাতের নীতিগত সহায়তা চায় বিটিএমএ
প্রাইমারি টেক্সটাইল শিল্পের সক্ষমতা ধরে রাখতে ১০-৩০ কাউন্টের কটন সুতা বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির সুযোগ বহাল রাখা, ঋণ পুনঃতফসিলিকরণ ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করাসহ একাধিক নীতিগত সহায়তা চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গুলশান ক্লাবে প্রাইমারি টেক্সটাইল খাতের বিদ্যমান পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আয়োজিত মতবিনিময় সভা থেকে এসব দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল।
সভায় বিটিএমএ নেতারা বলেন, দেশের প্রাইমারি টেক্সটাইল শিল্প তৈরি পোশাকসহ রপ্তানিমুখী শিল্পের কাঁচামালের অন্যতম প্রধান উৎস। এ খাতের উৎপাদন সক্ষমতা ও প্রতিযোগিতামূলক অবস্থান ধরে রাখতে ব্যবসাবান্ধব নীতিগত সহায়তা প্রয়োজন। এ লক্ষ্যে ১০-৩০ কাউন্টের কটন সুতা আমদানিতে বন্ড সুবিধার পরিবর্তে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির বিদ্যমান সুযোগ বহাল রাখার দাবি জানানো হয়।
একই সঙ্গে বন্ড সুবিধার অপব্যবহার বা অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। বিটিএমএ বলছে, অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বৈধ ও নিয়মিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর ব্যবসা পরিচালনার পরিবেশ সহজ ও প্রতিযোগিতামূলক রাখা জরুরি।
সভা থেকে প্রাইমারি টেক্সটাইল শিল্পের জন্য ঋণ পুনঃতফসিলিকরণ, পুনঃঅর্থায়ন ও পুনর্গঠন প্রক্রিয়া সহজ করারও দাবি জানানো হয়। উদ্যোক্তাদের মতে, উৎপাদন ব্যয়, ব্যাংকিং ব্যবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বিবেচনায় নিয়ে আর্থিক খাতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা দেওয়া হলে শিল্পের সক্ষমতা ধরে রাখা সহজ হবে।
এদিকে, সম্প্রতি গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতি হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বিটিএমএ। সংগঠনটির নেতারা বলেন, দীর্ঘদিনের জ্বালানি সংকটের পর সরবরাহ পরিস্থিতির উন্নতিতে প্রাইমারি টেক্সটাইল মিলগুলোতে উৎপাদন কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে। জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং তৈরি পোশাক শিল্পে কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
সভায় বিটিএমএ সহসভাপতি ও জাতীয় সংসদের শিল্প বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. আবুল কালাম, এমপি বলেন, সরকার গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধানে কাজ করছে। জ্বালানি সংকট দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যা উল্লেখ করে তিনি এর স্থায়ী সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। একই সঙ্গে তিনি ১০-৩০ কাউন্টের কটন সুতা ব্যাংক গ্যারান্টির মাধ্যমে আমদানির বিদ্যমান সুযোগ বহাল থাকবে বলে আশা প্রকাশ করেন।
বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির উন্নতির জন্য প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন, জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা নিশ্চিত করা গেলে প্রাইমারি টেক্সটাইল শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, কর্মসংস্থান রক্ষা এবং তৈরি পোশাক শিল্পের কাঁচামালের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে ।
তিনি দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ, শিল্পের সক্ষমতা এবং রাজস্ব সুরক্ষাকে সমন্বয় করে নীতিগত সিদ্ধান্ত গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে তিনি বন্ড ব্যবস্থার অপব্যবহার প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি বৈধ ও নিয়মিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসা পরিচালনার পরিবেশ আরও সহজ ও প্রতিযোগিতামূলক করার ওপর গুরুত্বারোপ করেন ।মতবিনিময় সভায় উৎপাদন ব্যয়, জ্বালানি সরবরাহ, আমদানি-রপ্তানি, বন্ড সুবিধা, ব্যাংকিং ব্যবস্থা এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে ব্যবসায়িক সক্ষমতাসহ প্রাইমারি টেক্সটাইল খাতের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এবং পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন।
আইএইচও/এসএনআর


