পল্লবীতে ছিনতাইয়ে বাধা দেওয়ায় হত্যা, গ্রেফতার যুবক ৩ দিনের রিমান্ডে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাজধানীর পল্লবীতে মো. সজীব (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে করা মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের ...

ছিনতাইয়ে বাধা দেওয়ায় রাজধানীর পল্লবীতে মো. সজীব (২২) নামের এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ রয়েছে। ওই অভিযোগে করা মামলায় মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলের (২৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাহবুব হাসান আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে পল্লবী থানার সেকশন-১০ এর ব্লক-এ এলাকায় প্যারিস রোডসংলগ্ন কাঁঠালতলা মাঠে সজীবের পথরোধ করেন কয়েকজন। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়।

এ সময় ছিনতাইয়ে বাধা দিলে সজীবকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও এলোপাতাড়ি আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তার পেটের ডান পাশে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ সেপ্টেম্বর সকালে তিনি মারা যান।

নিহত সজীব পল্লবী এলাকায় ভ্যানে কাপড় বিক্রি করতেন। এ ঘটনায় সজীবের মা কোহিনুর বেগম বাদী হয়ে পল্লবী থানায় হত্যা মামলা করেন।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্তের অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর পল্লবীর এক বাসা থেকে মো. জুয়েল ওরফে বাল্লা জুয়েলকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হলে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।  

এমডিএএ/কেএসআর

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1157674
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World