এলএনজিতে ভর করে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে
দেশে গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। পেট্রোবাংলার সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় দেশে জাতীয় গ্রিডে গ্যাসের মোট সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি)। এর আগে ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ ছিল ২ হাজার ৩৪৫ দশমিক ৩ এমএমসিএফডি। অর্থাৎ একদিনের ব্যবধানে গ্যাসের সরবরাহ বেড়েছে ১৩২ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ৫ দশমিক ৭ শতাংশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে গত দুই দিনের প্রতিবেদন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
পেট্রোবাংলার তথ্য বিশ্লেষণে দেখা যায়, দেশে গ্যাস উৎপাদন ও সরবরাহের মোট সক্ষমতা ৩ হাজার ৮৫৪ এমএমসিএফডি। এর বিপরীতে ১৫ সেপ্টেম্বর দুপুর ১২টায় সরবরাহ হয়েছে ২ হাজার ৪৭৮ দশমিক ১ এমএমসিএফডি, যা মোট সক্ষমতার ৬৪ দশমিক ৩ শতাংশ। আগের দিন সরবরাহ হয় সক্ষমতার ৬০ দশমিক ৯ শতাংশ। এ হিসাবে একদিনে সক্ষমতা ব্যবহারের হারও বেড়েছে ৩ দশমিক ৪ শতাংশ।
গ্যাসের সরবরাহ বাড়ার প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ বেড়ে যাওয়া। পেট্রোবাংলার হিসাবে, আরপিজিসিএলের মাধ্যমে এলএনজি থেকে গ্যাস সরবরাহ ১৪ সেপ্টেম্বর ছিল ৭৩১ দশমিক ৬ এমএমসিএফডি। ১৫ সেপ্টেম্বর তা বেড়ে হয়েছে ৮৫৮ দশমিক ৪ এমএমসিএফডি। অর্থাৎ একদিনে এলএনজি থেকে গ্যাস সরবরাহ বেড়েছে ১২৬ দশমিক ৮ এমএমসিএফডি, যা প্রায় ১৭ দশমিক ৩ শতাংশ বেশি।
এসময় দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকেও উৎপাদন সামান্য বেড়েছে। বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) উৎপাদন ৪৮২ দশমিক ৪ থেকে বেড়ে ৪৮৩ এমএমসিএফডি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) উৎপাদন ১০০ দশমিক ৩ থেকে বেড়ে হয়েছে ১০৭ দশমিক ৭ এমএমসিএফডি। তবে সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের উৎপাদন ১৩৯ দশমিক ২ এমএমসিএফডি-তে অপরিবর্তিত রয়েছে।

রাত ১২টা বাজার অপেক্ষায় থাকেন গৃহিণীরা
তবে, এসময় আন্তর্জাতিক কোম্পানিগুলোর (আইওসি) গ্যাস উৎপাদন সামান্য কমেছে। গত ১৪ সেপ্টেম্বর আইওসিগুলোর উৎপাদন ছিল ৮৯১ দশমিক ৭ এমএমসিএফডি। পরদিন তা কমে দাঁড়িয়েছে ৮৮৯ দশমিক ৯ এমএমসিএফডি। এর মধ্যে শেভরনের বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন ৭২৪ দশমিক ৮ থেকে কমে ৭২০ এমএমসিএফডি হয়েছে।
জালালাবাদে উৎপাদন ১২১ দশমিক ১ থেকে বেড়ে হয়েছে ১২৩ দশমিক ৮ এমএমসিএফডি। তিতাসের উৎপাদনও ৩২৯ দশমিক ৬ থেকে বেড়ে ৩৩০ দশমিক ৮ এমএমসিএফডি হয়েছে।
সব মিলিয়ে প্রতিবেদনের বিশ্লেষণে দেখা গেছে, দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদনে বড় পরিবর্তন না হলেও এলএনজি সরবরাহ বাড়ার কারণেই জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে।
এনএস/কেএসআর


