তন্ময়ের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন মাঝপথেই থামিয়ে দিলো ডেঙ্গু
এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিলেন ২০ বছর বয়সি শাকিবুল ইসলাম তন্ময়। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিতে ঢাকায় ভর্তি কোচিংও শুরু করেছিলেন। তবে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অকালে মারা গেলেন এই মেধাবী তরুণ।
তন্ময় চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছি গ্রামের তারিকুল ইসলামের ছেলে। ঢাকায় থাকা অবস্থায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অসুস্থ হলে তিনি বাড়ি ফিরে আসেন। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। রাজশাহীতে নেওয়ার পথে নাটোরের লালপুর এলাকায় দুপুর আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
তন্ময়ের স্বজনরা জানান, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে ঢাকায় ভর্তি কোচিং করছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও বন্ধুবান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার জান্নাতুল মাওলা কবরস্থান মসজিদে তন্ময়ের জানাজা অনুষ্ঠিত হয়। পরে সেখানেই তাকে দাফন করা হয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস বলেন, তন্ময় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছিলেন। সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে বলে তিনি জেনেছেন।
হুসাইন মালিক/এফএ


