গোল্ড প্লেটেড পিস্তল, মাদক, কুমিরসহ যা যা মিললো বিলাসবহুল ফ্ল্যাটে
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া প্রদেশের লস অ্যাঞ্জেলস শহরের একটি বিলাসবহুল ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ মাদক, গুলিসহ গোল্ড প্লেটেড পিস্তল ও অন্যান্য বন্দুক এবং একটি ছোট কুমির জব্দ করেছেন মার্কিন ফেডারেল এজেন্টরা।
গত বৃহস্পতিবার ওই অভিযানে ফেডারেল এজেন্টরা মারভিন অ্যাঞ্জেলিটো ও সুজান গঞ্জালেজ নামে দুজনকে গ্রেফতার করেন। খবর দ্য ইন্ডিপেন্ডেন্টের।
ফ্ল্যাটটি থেকে ৪২ দশমিক ৬ কেজি ফেন্টানিল পিল ও পাউডার, এক কেজি হেরোইন, ৭ দশমিক ২ কেজি কোকেন জব্দ করেন। তারা এ সময় গুলিসহ বেশ কিছু অস্ত্রও জব্দ করেন যার মধ্যে একটি .৫০ ক্যালিবারের গোল্ড প্লেটেড পিস্তল গুলিসহ পাওয়া যায় ফ্ল্যাটের রান্নাঘরে।
প্রসিকিউটররা আরও জানান, ফ্ল্যাটের ভেতর একটি কাচের ট্যাংক থেকে ছোট একটি কুমিরও উদ্ধার করা হয়। সেটিকে পরে ইউএস ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিসের হাতে তুলে দেওয়া হয়।
তল্লাশি অভিযানে বিকার, মিক্সার, নাড়ানি ও টর্চসহ নানা ল্যাব সরঞ্জাম উদ্ধার করা হয়। এছাড়াও, ফ্ল্যাটের হলওয়ের এক আলমারি থেকে পুলিশের ব্যবহৃত একটি রেডিও এবং গুলিসহ একটি এআর-১৫ বন্দুক জব্দ করা হয়।
মার্কিন পুলিশ নিজস্ব একটি সোর্সের মাধ্যমে মাদক চোরাচালানে ব্যবহৃত ওই ফ্ল্যাটের সন্ধান পান। ওই পুলিশ সোর্স আন্ডারকভার এজেন্ট হিসেবে ওই একজন মাদক কারবারির কাছ থেকে ১ লাখ ২৫ হাজার ডলারে ৫ লাখ ফেন্টানিল পিল কেনার ব্যবস্থা করেন যার মাধ্যমে ওই ফ্ল্যাটের খোঁজ পাওয়া যায়।
গ্রেফতার অ্যাঞ্জেলিটো ও গঞ্জালেজের বিরুদ্ধে মামলা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তারা উভয়েই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন।
তাদের দুজনকেই সোমবার আদালতে হাজির করা হয়। এ সময় আদালত অ্যাঞ্জেলিটোকে কারাগারে রাখার ও গঞ্জালেজকে ১৫ হাজার ডলার বন্ডের বিনিময়ে জামিনের আদেশ দেন।
এএমএ


