বিকাশের দোকান থেকে সেন্ড মানি করে টাকা না দিয়ে দৌড়, জনতার হাতে ধরা
রাজধানীর গুলশানে এক দোকান থেকে বিকাশে টাকা পাঠানোর (সেন্ড মানি) পর ওই টাকা না দিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করেন এক যুবক। এসময় সাইফুল (২৭) নামের ওই যুবককে আটকে পিটুনি দিয়েছে জনতা।
গতকাল মঙ্গলবারব (১৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গুলশান-১ এর পশ্চিম পাশের সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে জনতার হাত থেকে উদ্ধার করে ওই যুবককে গুলশান থানায় সোপর্দ করেন ট্রাফিক পুলিশ সদস্যরা।
ওই এলাকায় ডিউটিতে থাকা গুলশান ট্রাফিক জোনের সার্জেন্ট নাজমুল ইসলাম বলেন, রাতে হঠাৎ লোকজনের হইচই শুনে কয়েকজন পুলিশ সদস্য ঘটনাস্থলে যাই। সেখানে উপস্থিত লোকজনের কাছ থেকে জানতে পারি- সাইফুল নামের এক যুবক বিকাশের দোকান থেকে টাকা সেন্ড মানি করে পরে টাকা পরিশোধ না করে দৌড় দেন।
এ সময় লোকজন তাকে ধরে ফেলে মারধর করতে থাকেন। পরে সার্জেন্ট নাজমুল ইসলামসহ পুলিশ সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে গুলশান থানায় সোপর্দ করেন।
টিটি/কেএসআর



