ঢাকায় বসছে ‘এশিয়ান পর্যটন মেলা’, উদ্বোধন বৃহস্পতিবার
ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ)। দেশি-বিদেশি পর্যটনপ্রেমীদের আকর্ষণ এবং পর্যটন শিল্পের ব্যবসায়িক সম্ভাবনা বাড়াতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হবে এ মেলা। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত মেলার উদ্বোধন করবেন। এ সময় একই মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতারসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৪ সেপ্টেম্বর মেলা উপলক্ষে রাজধানীর এক হোটেলে সংবাদ সম্মেলন করেন সংশ্লিষ্টরা। ওই সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এনডোর্সমেন্ট এবং বাংলাদেশ পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সার্বিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের মেলায় বাংলাদেশসহ ১০টি দেশের ২০০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এতে প্রায় ৩০০টি বুথ থাকবে।
মেলায় হোটেল, রিসোর্ট, ট্যুর অপারেটর, ট্রাভেল এজেন্ট, এয়ারলাইনস, সরকারি-বেসরকারি পর্যটন প্রতিষ্ঠান, বিদেশি দূতাবাস ও বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পর্যটন পণ্য ও সেবা প্রদর্শন করবে।
মেলার বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে ‘ডেস্টিনেশন বাংলাদেশ শোকেস’, ‘ইন্টারন্যাশনাল ট্যুরিজম শোকেস’ এবং ‘বাংলাদেশ ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস’। পাশাপাশি বিটুবি সেশন, সেমিনার, ডেস্টিনেশন প্রেজেন্টেশন, প্যানেল আলোচনা, প্রোডাক্ট প্রমোশন ও নেটওয়ার্কিংয়ের আয়োজন থাকবে।
মেলায় বাংলাদেশ, নেপাল ও ফিলিপাইনের সাংস্কৃতিক পরিবেশনাও প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানান, এবারের মেলায় দেশি পর্যটন হাব, সুন্দরবনকেন্দ্রিক পর্যটন, নৌ পর্যটন, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, কমিউনিটি ট্যুরিজম ও পরিবেশ পর্যটনকে গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে বিদেশি অংশগ্রহণকারীদের মাধ্যমে তাদের নিজ নিজ দেশের পর্যটন প্রচার ও প্রসারের সুযোগ থাকবে।
মেলায় শিশু, শিক্ষার্থী, পর্যটন শিল্পের ব্যবসায়ী ও সাধারণ দর্শনার্থীদের অংশগ্রহণ ও চাহিদা বিবেচনায় বিভিন্ন কার্যক্রম রাখা হয়েছে। পর্যটন শিল্পে নারী উদ্যোক্তা ও কমিউনিটি ট্যুরিজমের অংশগ্রহণও নিশ্চিত করা হয়েছে।
এবারের মেলায় টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্লাটিনাম পার্টনার ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট এবং কো-স্পন্সর হিসেবে রয়েছে ছুটি গ্রুপ। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান পার্টনার ও হসপিটালিটি পার্টনার হিসেবে যুক্ত রয়েছে।
এমএমএ/কেএসআর


