আজ তিনি কবরে, ক্ষুধার্ত সজীবকে গোপনে খাবার-টাকা দিয়েছিলেন তানজিন তিশা
নাট্য পরিচালক ও নাট্যকার মারুফ হোসেন সজীব আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে ১৪ সেপ্টেম্বর ভোর ৫টার দিকে মারা যান তিনি। তাকে রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে সমাহিত করা হয়েছে।
সজীবের মৃত্যুর পরও তাকে ঘিরে সহকর্মীদের স্মৃতিচারণ থামছে না। এবার প্রয়াত এই অভিনেতাকে নিয়ে আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু।
সেখানে তানজিন তিশার মানবিকতার একটি ঘটনা তুলে ধরে সজীবের কঠিন সময়ের কথা স্মরণ করেছেন তিনি।
মিঠু তার স্ট্যাটাসে জানান, একসময় বৃষ্টি ও কাদাপানি পেরিয়ে ‘নোঙ্গর’ নাটকের শুটিং স্পটে এসেছিলেন অসহায় ও ক্ষুধার্ত সজীব। বিষয়টি জানতে পেরে তানজিন তিশা তাকে চুপিচুপি খাবার খাইয়েছিলেন। শুধু তাই নয়, সজীবের শূন্য পকেটে কিছু অর্থও দিয়েছিলেন বলে জানান মিঠু।
স্ট্যাটাসে মিঠু লিখেছেন, ‘তুমি সেইদিন বৃষ্টিতে, কাঁদাপানিতে ভিজে নোঙ্গর শুটিং স্পটে আসা অসহায়, ক্ষুধার্ত মানুষটিকে চুপিচুপি খাইয়ে দিয়ে সজীবের শূন্য পকেটে কিছু দিয়ে অপমানিত মানুষটিকে কিছুটা মুহূর্ত বাঁচিয়ে দিয়েছিলে।’
এরপর সজীবকে নিয়ে ঘটে যাওয়া আরেকটি ঘটনার কথা তুলে ধরেন মিঠু। তার ভাষ্য অনুযায়ী, সজীবকে দেওয়া তিন দিনের শুটিং সূচি শুটিংয়ের আগের দিন, ঈদের মাত্র চার দিন আগে বাতিল করা হয়েছিল। এর পেছনে কারণ হিসেবে তাকে ‘প্যারালাল চরিত্র’ দেখানো হয়েছিল বলে দাবি করেন মিঠু।
মিঠুর স্ট্যাটাসে উঠে এসেছে, পরে তানজিন তিশা, তৌসিফ মাহবুব এবং তিনি নিজেরাও খুব সামান্য পারিশ্রমিকে ঈদের এক দিন আগে সকাল থেকে রাত একটা পর্যন্ত টানা একটি নাটকের কাজ করে দিয়েছিলেন সজীবকে।
কাজ শেষে সজীবের মুখে হাসি ফুটেছিল। মিঠুর বর্ণনায়, সেদিন সজীব তাকে বলেছিলেন, ‘মিঠু আপু, অন্তত ঈদটা উদযাপন করতে পারবো!’
সেই স্মৃতিই এবার আরও বেদনাবিধুর হয়ে ফিরে এসেছে মিঠুর কাছে। কারণ, সেই সজীব এখন আর নেই। স্ট্যাটাসের শেষ দিকে সজীবের সঙ্গে খারাপ ব্যবহার করা সেই অভিনেতার উদ্দেশ্যে মিঠু লিখেছেন, ‘এখন তো গভীর রাত সজীব, তুমি শুয়ে আছো কবরে। সেই প্রতিভাবান নায়কের কি অন্তত আজ,, শুধু আজকের রাতে..সজীবের মুখটা মনে পড়ছে???’
মিঠুর এই স্ট্যাটাসে একদিকে উঠে এসেছে প্রয়াত সজীবের জীবনের কঠিন সময়ের স্মৃতি, অন্যদিকে তানজিন তিশার মানবিক সহযোগিতার কথাও নতুন করে সামনে এসেছে। পাশাপাশি সজীবের সঙ্গে এক অভিনেতার বাজে ব্যবহার করার গল্পটিও নেটিজেনদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে পোস্টটি শেয়ার করে জানতে চাইছেন, কে সেই অভিনেতা?
এলআইএ
