ভারতীয় প্লেনের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়লো

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ভারতীয় প্লেন চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) নতুন একটি নোটাম জারি করে জানিয়েছে, ভারতীয় প্লেনগুলো ২৩ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। নতুন নোটাম অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভা...

ভারতীয় প্লেন চলাচলের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ রাখার মেয়াদ আরও বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি (পিএএ) নতুন একটি নোটাম জারি করে জানিয়েছে, ভারতীয় প্লেনগুলো ২৩ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।

নতুন নোটাম অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ভারতের নিবন্ধিত সব ধরনের প্লেন। পাশাপাশি ভারতীয় বিমান সংস্থা বা অপারেটরদের পরিচালিত কিংবা লিজ নেওয়া প্লেনও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। সামরিক বিমানও এর বাইরে নয়।

২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবার ভারতীয় বিমানের জন্য পাকিস্তানের আকাশসীমা বন্ধ করা হয়েছিল। সর্বশেষ নোটামটি এই নিষেধাজ্ঞা বাড়ানোর ১৭তম ঘোষণা।

এর আগে ২০২৫ সালের এপ্রিল মাসে পহেলগাম হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়তে থাকে। হামলার পর ভারত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। ভারত ওই হামলার ঘটনায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে। তবে ইসলামাবাদ অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করে এবং ঘটনার স্বাধীন ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়।

পাকিস্তান ভারতীয় বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার পর ৩০ এপ্রিল ভারতও পাকিস্তানি বিমান সংস্থার জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এরপর দুই দেশের উত্তেজনা আরও বেড়ে যায়। ২০২৫ সালের ৬ ও ৭ মে ভারত পাকিস্তানের কয়েকটি শহরে হামলা চালায়। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ নামে বড় ধরনের পাল্টা সামরিক অভিযান চালায়। পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই অভিযানে ভারতের একাধিক সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়।

সংঘাতের সময় পাকিস্তান আটটি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করে, যার মধ্যে তিনটি রাফাল যুদ্ধবিমানও ছিল। এ ছাড়া বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথাও জানানো হয়। প্রায় ৮৭ ঘণ্টা ধরে চলা এই সংঘাতের পর ১০ মে দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়।

আকাশসীমা বন্ধের এই সিদ্ধান্তে ভারতের প্লেন চলাচল খাতে আর্থিক প্রভাব তুলনামূলকভাবে বেশি পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের বিমান পরিবহন খাতে এর প্রভাব তুলনামূলকভাবে সীমিত ছিল।

ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশসীমা নিয়ে নিষেধাজ্ঞার ঘটনা অবশ্য নতুন নয়। এর আগে ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময়ও পাকিস্তান আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ আরোপ করেছিল। ওই সময়ও ভারতীয় বিমান সংস্থাগুলো পাকিস্তানি বিমান সংস্থার তুলনায় বেশি পরিচালনাগত সমস্যার মুখে পড়েছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে।

নতুন সিদ্ধান্তের ফলে অন্তত ২৩ অক্টোবর পর্যন্ত ভারতীয় প্লেনকে পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে চলতে হবে। ফলে ভারতীয় বিমান সংস্থাগুলোর আন্তর্জাতিক রুটে বিকল্প ও দীর্ঘতর পথ ব্যবহারের প্রয়োজন হতে পারে।

সূত্র: জিও নিউজ

এমএসএম

Original Source
https://www.jagonews24.com/international/news/1157807
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World